২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের কৃতিত্ব দিলেন ম্যাচসেরা সাঙ্গাকারা

অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কুমার সাঙ্গাকারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানো বাঁহাতি ব্যাটসম্যান অবশ্য মনে করেন, ফাইনালে জয়ের ভিত গড়ে দিয়েছেন বোলাররা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 12:43 AM

Updated : 25 Apr 2022, 04:02 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ভারতকে হারিয়ে সংবাদ সম্মেলনে সাঙ্গাকারা বলেন, “শেষ ৪/৫ ওভারে আমরা অসাধরণ বল করেছি। বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনির মতো ব্যাটসম্যান থাকার পরও তারা সহজে রান পাননি। শেষ ২৪ বলে কোনো বাউন্ডারি হয়নি, এটা অবিশ্বাস্য।”

সেনানায়েকেম মালিঙ্গা ও কুলাসেকারার শেষ ৪ ওভারে ভারত যোগ করে মাত্র ১৯ রান।

সাঙ্গাকরা বলেন, “বোলাররাই জয়ের ভিত গড়ে দিয়েছে। ১৩০ রানের লক্ষ্য যে কোনো দিন যে কোনো উইকেটে তাড়া করে জেতা সম্ভব। কিন্তু এতো কম রানে প্রতিপক্ষকে বেধে ফেলা, সত্যিই অসাধারণ।”

বিদায় বেলায় সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেকে বিশ্বকাপ ট্রফি উপহার দেয়ার কথা বলেছিলেন লাসিথ মালিঙ্গা। দলের সবার প্রচেষ্টাতেই দুই ব্যাটিং কিংবদন্তির শেষটা স্মরণীয় করে রাখা গেল বলে মনে করেন অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া এই পেসার।

“সাঙ্গাকারা রানের জন্য লড়াই করেছিলেন। আমি তাকে বলেছিলাম, তোমার ছন্দে ফিরতে কেবল একটা ম্যাচই লাগবে। আজকে অসাধারণ এক ইনিংস খেলেছে। মাহেলাও তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। ওর ইনিংসটিও খুব গুরুত্বপূর্ণ।”

৭৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে লাহিরু থিরিমান্নের বিদায়ে চাপে পড়েছিল শ্রীলঙ্কা। ওভার প্রতি তখন প্রায় সাড়ে সাত করে রান প্রয়োজন ছিল তাদের।

“ঠিক এ কারণেই থিসারাকে অ্যাঞ্জেলোর আগে নামানো হয়েছিল। ওর দ্রুত রান তোলার সামর্থ্য রয়েছে। দলের প্রত্যেকের সম্পর্কে আমার স্পষ্ট ধারণা রয়েছে।”

অধিনায়কত্ব উপভোগ করছেন জানিয়ে তিনি বলেন, “কে কি করতে পারে, কার কি সামর্থ্য সবই আমি জানি। দশ বছর ধরে এই দলটির হয়ে খেলছি। আমি ভাগ্যে বিশ্বাস করি না। আমরা কঠোর পরিশ্রমের ফসল পেয়েছি।”