মালিঙ্গার মন্ত্র ইনিংসজুড়ে ভালো বল
প্রতিপক্ষের বিশেষ কোনো ব্যাটসম্যানকে আউট করা নিয়ে ভাবছেন না লাসিথ মালিঙ্গা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ফাইনালে ইনিংসের পুরো ২০ ওভার ভালো বল করার পরিকল্পনার কথা জানালেন শ্রীলঙ্কার এই পেসার।
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
রোববার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে ভারত-শ্রীলঙ্কার ফাইনাল মাচটি। আগের দিন ওখানেই সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনার কথা জানালেন মালিঙ্গা।
“আমাদের পুরো ২০ ওভার ভালো বল করার পরিকল্পনা করতে হবে। তাদের (ভারতের) ৬ থেকে ৭ জন ভালো ব্যাটসম্যান আছে। তাই কোনো একজনকে আউট করার চিন্তা আমরা করছি না। বিরাট (কোহলি) ভালো ব্যাটসম্যান। কিন্তু একটা ভালো বলে সেও আউট হতে পারে।”
প্রতিযোগিতার শুরু থেকে দারুণ ফর্মে আছেন বিরাট কোহলি। পাঁচ ম্যাচে ২৪২ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিকও তিনি। তাছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনালে তার অপরাজিত ৭২ রানের সুবাদে ১৭৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমেও ৬ উইকেটে সহজেই জিতে ভারত।
কোহলির এমন ফর্ম শ্রীলঙ্কার শিরোপা জয়ের লক্ষ্যে বড় বাধা হতে পারে বলে অনেকের ধারণা।
প্রতিযোগিতায় একমাত্র দল হিসেবে কোনো ম্যাচ না হেরে ফাইনালে উঠেছে ভারত। তবে তাতে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না মালিঙ্গা।
“(চাপ) না, কখনই না। সবাই জানি এটা একটা ফাইনাল তবে অন্য সব টি-টোয়েন্টি ম্যাচের মতোই এটাকে দেখতে হবে। এভাবেই আমরা এটাকে দেখছি। তাহলেই আপনি অতিরিক্ত কোনো চাপ বোধ করবেন না।”
নিজেদের মাটিতে গত আসরের ফাইনালে উঠেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। এবারও দারুণ খেলেই ফাইনালে উঠে এসেছে তারা। তাই এবার আর কোনো ভুল নয়, শিরোপা জিতেই প্রতিযোগিতার শুভ সমাপ্তি চান দীনেশ চান্দিমালের বদলে দলের নেতৃত্ব দেয়া অভিজ্ঞ এই পেসার।
মালিঙ্গার নেতৃত্বেই নিউ জিল্যান্ডের বিপক্ষে গ্রপ পর্বের শেষ ম্যাচে ও সেমি-ফাইনালে জিতেছে শ্রীলঙ্কা।
তাছাড়া রোববারের ফাইনালটিই হতে যাচ্ছে মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তাই অনেকদিনের দুই সতীর্থকে শিরোপা জয়ের আনন্দেই বিদায় দিতে চান মালিঙ্গা।
টুর্নামেন্ট শেষে সীমিত ওভারের এই ফরম্যাট থেকে বিদায় নেয়ার ঘোষণা আগেই দিয়েছেন জয়াবর্ধনে ও সাঙ্গাকারা।
