ভারতকে এগিয়ে রাখছেন দু প্লেসি
ভারতের স্পিন শক্তিতো আছেই, সঙ্গে ঢাকা আর চট্টগ্রামের উইকেটের আচরণের পার্থক্য ভাবাচ্ছে ফাফ দু প্লেসিকে। শুক্রবারের সেমি-ফাইনালের আগে ভারতকেই তাই এগিয়ে রাখছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
ম্যাচের আগের দিন বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে দু প্লেসি বলেন, “আমরা আমাদের সবগুলো ম্যাচ ওখানে (চট্টগ্রাম) খেলেছি। আর ভারত তাদের সব ম্যাচগুলো এখানে (মিরপুর) খেলেছে। ‘কন্ডিশন’-এর দিক থেকে অবশ্যই আমাদের চেয়ে তারা এখানে বেশি স্বচ্ছন্দ বোধ করবে।”দু প্লেসি জানান, গত কয়েকদিন তারা স্পিনারদের ভালোভাবে খেলার প্রস্তুতি নিয়েছেন।একটা দিক দিয়ে দক্ষিণ আফ্রিকা ভারতের চেয়ে বেশি সুবিধা পাবে বলে মনে করেন দু প্লেসি। এই টুর্নামেন্টে ভারত ফেভারিটদের একজন হিসেবে খেলছে এবং দক্ষিণ আফ্রিকা খেলছে ‘আন্ডারডগ’ হিসেবে।সুপার টেনে কোনো ম্যাচ না হারায় ভারতের কাছে তাদের সমর্থকদের প্রত্যাশা আরো বেড়ে গেছে। দক্ষিণ আফ্রিকার ওপর প্রত্যাশার এই চাপটা নেই বলেই মনে করেন দু প্লেসি।দক্ষিণ আফ্রিকা অধিনায়কের কাছে দলের আরেকটি ইতিবাচক দিক হচ্ছে, একেক ম্যাচে একেক জনের ভালো খেলার বিষয়টি। সবাই ভালো খেলছে বলে নির্দিষ্ট কোনো একজনের ওপর নির্ভরতা নেই তাদের।
