২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকার ফাইনালের সাধে বাধা ভারত

ওয়ানডে বা টি-টোয়েন্টি, কোনো বিশ্বকাপের ফাইনালেই খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার। প্রথমবারের মতো ওই অভিজ্ঞতা পাওয়ার লক্ষ্যটা এবার ভীষন কঠিন। শেষ চারে তাদের প্রতিপক্ষ ভারত যে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 05:55 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে শুক্রবার সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।বিশ্বকাপের আগে এক বছরে মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছিল ভারত। ওয়ানডেতেও খুব এক ভালো করছিল না তারা। শেষ দশ ম্যাচে একমাত্র বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়েছিল তারা।কিন্তু বিশ্বকাপে প্রথম আসরের চ্যাম্পিয়নদের অন্য চেহারা। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে হারিয়ে সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে অস্ট্রেলিয়াকেও সহজে হারিয়েছে তারা।সহায়ক পিচ আর পরিচিত ‘কন্ডিশনে’ রীতিমত ভয়ঙ্কর হয়ে উঠেছেন ভারতের বোলাররা। তাদের বিপক্ষে কেউ সহজে রান পায়নি। বাংলাদেশের করা ১৩৮ রানই সর্বোচ্চ।মাত্র একটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে আসা অমিত মিশ্র টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা। এই লেগ স্পিনারকে সামলানো কঠিনই হবে এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলারদের জন্য।পরের দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রবিচন্দ্রন অশ্বিনকে সামলানোও কঠিন হবে তাদের জন্য। এ দুজনের জন্য আড়ালে পড়ে থাকলেও যে কোনো সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার সামর্থ্য আছে বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজারও।নতুন বলের দুই পেসার ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামিও ভরসা যুগাচ্ছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।প্রথম দুই ম্যাচে ৭ ও তৃতীয় ম্যাচে ৮ উইকেটে জয় সমস্যাই হয়ে দাঁড়িয়েছিল ভারতের জন্য। পরের দিকের ব্যাটসম্যানদের ব্যাটিং অনুশীলনটা হচ্ছিল না। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে সেই কাজটিও করে রেখেছেন তারা। ‘নক আউট’ পর্বের জন্য তাই পুরোপুরি প্রস্তুত ভারত।নেদারল্যান্ডসের বিপক্ষেও সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে লড়াই করে জিতেছে দক্ষিণ আফ্রিকা। একই চিত্র নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষেও। নিউ জিল্যান্ডকে মাত্র ২ আর ইংল্যান্ডকে ৩ রানে হারিয়েছে তারা।ডেল স্টেইন, ওয়েইন পার্নেল ও ইমরান তাহির ভালো করলেও অন্যরা খুব একটা ছন্দে নেই। স্পিন সহায়ক উইকেটে তাহিরই হতে পারেন ফাফ দ্যু প্লেসির সেরা অস্ত্র।কুইন্টন ডি কক দেশের মাটিতে ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ছিলেন অপ্রতিরোধ্য। তার কাছ থেকে ভালো একটা সূচনা চাইবেন ফাফ। ইনিংসের শুরুতে তার সঙ্গী হাশিম আমলা ছন্দেই আছেন। তারা ভালো একটা সূচনা এনে দিলে পরের ব্যাটসম্যানদের দলকে লড়াইয়ের সংগ্রহ এনে দেয়ার সামর্থ্য।আর আইপিএল খেলার কারণে ভারতীয় বোলারদের সম্পর্কে ভালোই ধারণা আছে জেপি ডুমিনি, ডি ভিলিয়ার্স, ফাফদের।টি-টোয়েন্টিতে দুই দলের সাত লড়াইয়ে পাঁচটিতেই জিতেছে ভারত। তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলেই কেবল ভারতকে চাপে রাখতে পারবে প্রোটিয়ারা।