২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যানিংয়ের ব্যাটে অস্ট্রেলিয়ার মেয়েদের জয়

অধিনায়ক মেগ ল্যানিংয়ের রেকর্ড-গড়া ইনিংসে আয়ারল্যান্ড মহিলা দলকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 07:07 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার সিলেটে টস জিতে ব্যাট নামা অস্ট্রেলিয়া মহিলা দলকে বড় সংগ্রহ এনে দেয় ল্যানিংয়ের দারুণ এক শতক। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সব মিলিয়ে এটি দ্বিতীয় শতকের উদাহরণ। মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২৬ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েন তিনি। আর এ নিয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে এর আগে শতক হলো মাত্র ৩টি।

১৮টি চার ও ৪ ছক্কায় সাজানো ল্যানিংয়ের ৬৫ বলের এই ইনিংসের কল্যাণেই ৪ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ গড়তে পারে অস্ট্রেলিয়া মহিলা দল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড মহিলা দল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রানে থামে তাদের ইনিংস। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ইসোবেল জয়েস।

অস্ট্রেলিয়ার এলিসে পেরি ও এরিন অসবর্ন ২টি করে উইকেট নিয়েছেন।

দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কারটা গেছে ল্যানিংয়ের অধিকারে।