২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগে লড়াই, পরে জয়: মাশরাফি

হংকং ও ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজেভাবে হারার পরও ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রত্যাশা করছেন বাংলাদেশের পেসার মাশরাফি বিন মুর্তজা। তার দৃঢ় বিশ্বাস, ব্যাটিং, বোলিং দুই বিভাগেই শুরুটা ভালো হলে জেতাও সম্ভব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 06:36 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিনের অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিনের অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: বিসিবি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিনের অনুশীলনে সাকিব-মাশরাফিরা। ছবি: বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিনের অনুশীলনে সাকিব-মাশরাফিরা। ছবি: বিসিবি।

চোট পাওয়া পেসার মাশরাফি বিন মুর্তজাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে চায় বাংলাদেশ দল।অনুশীলনেও যেন সতীর্থদের মধ্যমণি হয়ে ছিলেন তিনি। ছবি: বিসিবি। চোট পাওয়া পেসার মাশরাফি বিন মুর্তজাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে চায় বাংলাদেশ দল।অনুশীলনেও যেন সতীর্থদের মধ্যমণি হয়ে ছিলেন তিনি। ছবি: বিসিবি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সুপার টেনের দ্বিতীয় ম্যাচে রাত সাড়ে সাতটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।বৃহস্পতিবার অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “শেষ দুটি ম্যাচে আমাদের হারের ধরন ভীষণ হতাশাজনক। আমাদের লক্ষ্য হবে, ভালো খেলা। চেষ্টা করবো, যতটা সম্ভব লড়াই করার। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে জেতার। তবে সবার আগে ভালো শুরু করতে হবে আর শেষ পর্যন্ত তা ধরে রাখতে হবে।”হংকং লজ্জা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রতিরোধহীন হারের পর লড়াই করাই প্রাথমিক লক্ষ্য বাংলাদেশের। জয়ের আগে তাদের ভাবনায় আসছে ভালো ক্রিকেট। ভালো ক্রিকেট খেলতে পারলে লড়াই করা যাবে। আর লড়াই করা সম্ভব হলে জয়ও আসতে পারে। ভারতের বিপক্ষে এই সমীকরণ মেলাতে চান দেশসেরা পেসার।“আমার বিশ্বাস, আমরা ভালো ক্রিকেট খেলতে পারলে জিতবো। আমরা যত ম্যাচ জিতেছি, তার সবই লড়াই করে। কালও তার পুনরাবৃত্তি সম্ভব। গত দুটি ম্যাচ ম্যাচ যেভাবে খেলেছি, তাতে জেতার প্রত্যাশা করতে পারি না। এর চেয়ে অনেক ভালো খেলতে পারলে জয় সম্ভব।”ভারতের বিপক্ষে দুটি ওয়ানডেতে জয়ের নায়ক মাশরাফির দৃঢ় বিশ্বাস, জয়ের সুযোগ এখনো আছে বাংলাদেশের।

“আমরা অনেক বড় ব্যবধানে পিছিয়ে নেই। ছোটখাটো কিছু ভুলের জন্য বড় ব্যবধানে হেরেছি। আমার বিশ্বাস, মাঠে গিয়ে ভুল শুধরে খেলতে পারলে আমাদের জেতার সম্ভাবনা আছে।”

ভারতের বিপক্ষে জিততে হলে দলের সবার অবদান রাখতে হবে বলে মনে করেন মাশরাফি।

“আমরা যখনই সমন্বিত পারফর্ম করি, তখনই জিতি। তাই সমন্বিত পারফর্ম খুব জরুরি। স্পিনারদের ভালো করতে হবে। ওরা ভালো করেছে এমন বেশিরভাগ ম্যাচেই আমরাই জিতেছি। তবে পেসারদেরও একটা ভালো শুরু এনে দিতে হবে।”

প্রথম দুই ম্যাচে ভারতকে সহজ জয় এনে দিয়েছেন স্পিনাররা। শুক্রবারের ম্যাচে তাদেরকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানছেন মাশরাফি।“ভারতের বোলাররা বিশেষ করে স্পিনাররা খুব ভালো করছে। আর শেষ দুটি ম্যাচে আমরা (ব্যাটিংয়ে) ভালো খেলতে পারিনি। আমাদের ব্যাটসম্যানরা সেট হতে পারেননি, জুটির গড়ার সময়ে আউট হয়ে গেছেন। আশা করি, কাল এর পুনরাবৃত্তি হবে না। গত দুই ম্যাচের মতো যদি শুরু না হয়, আমাদের ভালো করার যথেষ্ট সম্ভাবনা থাকবে।”