২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠেই সমালোচনার জবাব দিতে চান মাশরাফি

মাঠে ভালো খেলেই সব সমালোচনার জবাব দিতে চায় বাংলাদেশ। দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, ঘুরে দাঁড়াতে কঠোর পরিশ্রম করছেন তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 06:00 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিনের অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিনের অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: বিসিবি।

বাংলাদেশ দলে বড় পরিবর্তনের ইঙ্গিত

একে তো দল ছন্দে নেই তার ওপর বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বড় পরিবর্তন আসছে বাংলাদেশ দলে। এটাকে বাড়তি চাপ হিসেবে দেখতে চান না মাশরাফি।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটা নিয়ে কথা বলা খুবই কঠিন। শেষ দুটি ম্যাচ আমরা যেভাবে হেরেছি তাতে অনেক কথাই হতে পারে, অনেক সমালোচনা হতে পারে। এটা স্বাভাবিক আর খেলোয়াড় হিসেবে এটা মেনে নিতেই হবে।”

“ওয়েস্ট ইন্ডিজের কাছে যেভাবে হেরেছি তা খেলোয়াড়দের কাছেও অপ্রত্যাশিত। হংকংয়ের কাছে অবশ্যই কেউ হারতে চায় না। এই হার আমরা মেনে নিতে পারিনি। কোনো সন্দেহ নেই, শেষ দুটি ম্যাচ আমরা বাজে ভাবে হেরেছি।”

“আমাদের মাঠে গিয়ে ভালো খেলতে হবে। চেষ্টা করতে হবে সামনের ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর। উনি আমাদের বকাবকি কিছু করেননি, বুঝিয়েছেন। চেষ্টা করছেন, সবাইকে যতটুকু সাহায্য করা চায়। আমরাও চেষ্টা করছি, যে অবস্থায় আছি তার চেয়ে ভালো অবস্থায় দলকে নিয়ে যাওয়ার,” যোগ করেন তিনি।

বাজে সময়কে পেছনে ফেলতে বাংলাদেশ দল অনেক পরিশ্রম করছে বলে জানান মাশরাফি।

“আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছি। কোনো দল একটা ম্যাচ তখনই হারে যখন আত্মবিশ্বাস ঘাটতি পড়ে। এটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই নিজের ‘স্ট্রেংথ’ নিয়ে মাঠে নামা। নিজের ওপর আস্থা থাকা খুব গুরুত্বপূর্ণ। আমরা নিজেরা নিজেদের উজ্জ্বীবিত করার চেষ্টা করছি,” যোগ করেন তিনি।

মাঠ ফল ভালো না হলেও দলের ঐক্য অটুট আছে জানিয়ে মাশরাফি বলেন, “খারাপ সময়ে সবার এক সঙ্গে থাকা খুব গুরুত্বপূর্ণ। আমি খুশি, দলের সবাই এক সঙ্গে আছে। আমরা এক হয়ে সবাই সবাইকে সহায়তা করার চেষ্টা করছি। একজন আরেকজনকে চাঙ্গা করার চেষ্টা করছি।”