উইন্ডিজ চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের মেয়েরা
বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ দিয়ে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বুধবার বেলা সাড়ে তিনটায় মাঠে নামবে সালমা-রুমানারা।
(ফাইল ছবি) (ফাইল ছবি)
বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন
হোটেল রুপসী বাংলায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হোটেল রুপসী বাংলায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কাগজ-কলমের হিসেবে এই ম্যাচে স্পষ্টতই এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শিরোপা-প্রত্যাশী ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় আছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।
অন্য দিকে বাংলাদেশের এটাই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। অনভিজ্ঞ বাংলাদেশ মহিলা দল আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজেদের পা রাখার জমি খুঁজে বেড়াচ্ছে।
বিশ্বকাপ অভিযান শুরুর আগে দুটি গা-গরমের ম্যাচে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এর কিছুদিন আগে কক্সবাজারে ভারতের কাছে ৩-০ এবং পাকিস্তানের সঙ্গে ২-০ তে সিরিজ হেরেছে সালমা খাতুনের দল।
এর পরও আশার কমতি নেই বাংলাদেশের মেয়েদের। টুর্নামেন্ট শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক সালমা খাতুন বলেছিলেন, তাদের স্বপ্নটা খুব বেশি বড় নয়, তবে সেমি-ফাইনালে খেলার আশা দলের সবারই আছে।
বাংলাদেশে পা রাখার আগে খুব বড় আশা ওয়েস্ট ইন্ডিজেরও ছিল না। আগের মাসেই নিউ জিল্যান্ড থেকে ৪-০তে সিরিজ হেরে এসেছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। তবে বাংলাদেশে এসে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ জিতে তাদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে।
এখন মূল পর্বে ইংল্যান্ডকে হারানোর পর ভালো কিছুর প্রত্যাশাই করছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক মেরিসা অ্যাগুইলেরা তার সতীর্থদের কানে শুধু একটা মন্ত্রই পুঁতে দিচ্ছেন—নিজেদের ওপর বিশ্বাস রাখা।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বাস আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে গত দুই বারের সেমি-ফাইনালিস্টরা অভিজ্ঞতায়ও বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবে বাংলাদেশের মেয়েদের সঙ্গে একটা শক্তি আছে। সেটা ঘরের দর্শকদের সমর্থন।
