ধীর বোলিংয়ের জন্য নিউ জিল্যান্ডকে জরিমানা
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ধীর বোলিংয়ের কারণে জরিমানা করা হয়েছে পুরো নিউ জিল্যান্ড দলকে।
আইসিসি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি নিউ জিল্যান্ড। 'স্লো ওভার রেট' -এর কারণে একটি ওভার নির্ধারিত সময়ের বাইরে চলে গিয়েছিল।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৯ রানে জিতে নিউ জিল্যান্ড।
আইসিসির এমিরেটস এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ খেলোয়াড়দের জন্য আইসিসির নীতিমালা অনুযায়ী নিউ জিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে ম্যাচ ফির ২০ শতাংশ ও দলের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেন।
ম্যাককালাম আগামী ১২ মাসের মধ্যে আবার এই অপরাধ করলে তাকে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয়া হবে।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউ জিল্যান্ডের জয়
