২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে ইতিহাস

তিন সপ্তাহের ব্যবধানে দুটি বড় ধাক্কা। আফগানিস্তানের পর আরো দুর্বল হংকংয়ের কাছে লজ্জা। ঘুরে দাঁড়ানোর ম্যাচে প্রতিপক্ষ আবার টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু স্বাগতিকদের স্বপ্ন দেখাচ্ছে ইতিহাস।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 09:05 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

চোট পাওয়া পেসার মাশরাফি বিন মুর্তজাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে চায় বাংলাদেশ দল।অনুশীলনেও যেন সতীর্থদের মধ্যমণি হয়ে ছিলেন তিনি। ছবি: বিসিবি। চোট পাওয়া পেসার মাশরাফি বিন মুর্তজাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে চায় বাংলাদেশ দল।অনুশীলনেও যেন সতীর্থদের মধ্যমণি হয়ে ছিলেন তিনি। ছবি: বিসিবি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিনের অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিনের অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: বিসিবি।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুপার টেনে স্বাগতিকদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচই মুশফিকুর রহিমদের অনুপ্রেরণা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। সমান দু'টি জয় দুই দলেরই।

এবার এগিয়ে যেতে চান জানিয়ে মুশফিক বলেন, “আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, যত বড় দলই হোক লড়াই করা সম্ভব। ঘরের মাঠে যে কোনো দলকে আমরা হারাতে পারি। অন্তত প্রতিটি দলের সঙ্গে লড়াই করতে চাই আমরা।”

ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ সফরে এক/দুই রান আটকে দিয়ে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে একই কৌশল নিয়ে সাফল্য পেয়েছে ভারতও। পরীক্ষিত এ কৌশল আবার কাজে লাগানোর ইঙ্গিত দিলেন মুশফিক।“আমরা তাদের শক্তি-দুর্বলতা জানি। ওরা বিগ শট খেলতে পছন্দ করে, প্রান্ত বদল করে খেলে না। এ নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। তবে তার জন্য ভাল বল করতে হবে। উইকেট সাহায্য করলেই যে ওরা ১২০/১৩০ করবে এমন নয়, ভাল বোলিংও করতে হবে।”সীমিত ওভারের ক্রিকেটে লক্ষ্য তাড়া করতেই পছন্দ করে বাংলাদেশ। মিরপুরে সাত ম্যাচের ছয়টিতে প্রথমে ব্যাট করা দল হেরেছে। তাই টস জিতলে লক্ষ্য তাড়া করবে স্বাগতিকরাও।দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ছন্দে নেই। তবে মুশফিক আশাবাদী, একটা ভালো ক্যাচ, একটা ভালো স্পেল বা ১০/২০ রানের ছোট্ট একটা ইনিংসেও তারা ছন্দ ফিরে পেতেন।

বাংলাদেশ দলে অন্তত দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুশফিক। স্পিন বোলারদের জন্য সহায়তা থাকলে বাড়তি স্পিনার খেলাতে পারে বাংলাদেশ। দলে ফিরতে পারেন অফস্পিনার সোহাগ গাজী ও অলরাউন্ডার জিয়াউর রহমান। দেশসেরা পেসার মাশরাফির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ।পরিবর্তন আসতে পারে টপ অর্ডারেও। পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হবে ব্যাটিং লাইনআপে। যেই খেলুক প্রথম চার ব্যাটসম্যানের কাছে অধিনায়কের প্রত্যাশা বেশি। তিনি চান, তারা অন্তত ১৭/১৮ ওভার পর্যন্ত ক্রিজে থাকুক।টি-টোয়েন্টির তিন চ্যাম্পিয়ন ও অস্ট্রেলিয়ার উপস্থিতিতে বাংলাদেশের গ্রুপটি ভীষণ কঠিন। সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে নেট রান রেট। আর তা বাড়াতে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশই হতে পারে সবার লক্ষ্য।

এ নিয়ে কোনো দুর্ভাবনা নেই জানিয়ে মুশফিক বলেন, “টি-টোয়েন্টিতে সবারই সম্ভাবনা থাকে। আমাদের প্রধান লক্ষ্য থাকবে চারটি ম্যাচেই ভালো ক্রিকেট খেলার। আর কেউ যদি রান রেট বাড়িয়ে নেয়ার চেষ্টা করে, সেটা মাঠেই দেখা যাবে।”