টিকে থাকতে জয়ের জন্য মরিয়া উইন্ডিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে বাংলাদেশের বিপক্ষে জেতাটা জরুরি ওয়েস্ট ইন্ডিজের। বর্তমান চ্যাম্পিয়নদের কোচ ওটিস গিবসনও জয় ছাড়া আর কিছু ভাবছেন না।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ গিবসন বলেন, “বিশ্বকাপে টিকে থাকতে হলে বাংলাদেশের বিপক্ষে আমাদের জিততেই হবে। আমরা সেই ম্যাচটির দিকে তাকিয়ে আছি।”
ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে প্রান্ত বদল করে খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন গিবসন।
“আমাদের এমন ব্যাটসম্যান আছে যারা বল স্ট্যান্ডে পাঠাতে পারে। আমার মনে হয় মানুষ গেইলের কাছ থেকে দ্রুত প্রান্ত বদলের চেয়ে বল স্ট্যান্ডে পাঠানোটাই দেখতে চাইবে। এক রান নিতে গিয়ে গেইলের মতো কাউকে রান আউট হতে দেখতে চাই না। থাকলে তিনি আরো ৩০/৪০ রান বেশি করতে পারতেন।”
গিবসন মনে করেন, গতবারের চ্যাম্পিয়নদের গুরুত্বপূর্ণ সব খেলোয়াড় আইপিএলে খেলায় ভারত বাড়তি সুবিধা পেয়েছিল; বাংলাদেশ এই সুবিধা পাবে না। বরং স্বাগতিকদের পরিকল্পনা কি হতে পারে আগেই আঁচ করতে পারায় নিজেদেরই এগিয়ে রাখছেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিন তাদের জন্য কোনো সমস্যা নয় জানিয়ে গিবসন বলেন, “এই ফরম্যাটে স্পিনের বিপক্ষে আমাদের অনেক সাফল্য আছে। আর বাংলাদেশ আর ভারতের স্পিনাররা ভিন্ন, তাই ওদের অ্যাপ্রোচও হবে ভিন্ন।”
