২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে প্রমাণের সুযোগ জিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৭ ও ২০০৯ সালের দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি জিয়াউর রহমানের। রুবেল হোসেনের দুর্ভাগ্যজনক চোটে নিজের দেশে বিশ্বকাপে অপ্রত্যাশিতভাবে দলে আসা এই অলাউন্ডারের সামনে এবার নিজেকে প্রমাণের সুযোগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 05:37 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

রুবেলের বদলে বাংলাদেশ দলে জিয়াউর

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে জিয়া বলেন, “কাল (মঙ্গলবার) খেলাবো কি না এখনো জানি না। খেললে আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো। আমি সম্পূর্ণভাবে প্রস্তুত। ব্যাটিং-বোলিং দুটোতেই ভালো করতে চাই।”

জাতীয় লিগের চমৎকার পারফরম্যান্সে এশিয়া কাপের দলে ঢুকেছিলেন জিয়া। টি-টোয়েন্টি বিশেষজ্ঞর তকমা লেগে থাকার পরও উপেক্ষিত ছিলেন বিশ্বকাপ দলে। আসা-যাওয়ার মধ্যে থাকায় এখন আর এসব নিয়ে ভাবেন না তিনি।

“আমার জন্য এটা এখন স্বাভাবিক হয়ে গেছে। এখন আর অবাক হই না। দেশের মাটিতে বিশ্বকাপে খেলার স্বপ্ন ছিল আমারও। সেটা যখন হচ্ছিল না, তখন নিজের খেলাতেই মনোযোগ দিচ্ছিলাম। যেন বিশ্বকাপের পরে হলেও দলে ফিরতে পারি। পরে তো

রুবেলের দুর্ভাগ্যজনক চোটে দলে ফেরা হল

।”

টি-টোয়েন্টি মানে চার-ছক্কা আর রানবন্যা। মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত জিয়ার ব্যাটিং হতে পারে সংক্ষিপ্ততম ফরম্যাটের এই ক্রিকেটের বড় বিজ্ঞাপন। তবে নিজের খেলার চেয়েও দলের স্বার্থকেই এগিয়ে রাখছেন তিনি।

“আসল ব্যাপার হল পারফরম্যান্স। পারফর্ম ভালো হলে সবই হবে। তবে আমি আশাবাদী, পারব। এশিয়া কাপে কিছুটা পেরেছিলাম। প্রস্তুতি ভালো, পরিচিত উইকেট খেলা, ছন্দে আছি- সব মিলিয়ে আমি আশাবাদী।”