২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলকে জয় এনে দিয়ে আনন্দিত উমর

প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ভীষণ চাপে ছিল পাকিস্তান। ‘বাঁচা-মরার লড়াইয়ে’ পরিণত ম্যাচে দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ খুশি উমর আকমল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 09:33 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, “টিম ম্যানেজমেন্ট আমাকে নিজের স্বাভাবিক খেলার কথা বলেছিল। চাপ থাকলেও আজ ইতিবাচক ব্যাটিং করেছি। সব চাপ নিজের কাঁধে নিয়ে শট খেলেছি।”৫৪ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৯৪ রান করা উমর আরো বলেন, “এটাই আমার ক্যারিয়ারের সেরা ইনিংস। কারণ প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আমরা ভীষণ চাপে ছিলাম।”২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯১ রান করেও মাইক হাসির ২৪ বলে অপরাজিত ৬০ রানের অসাধারণ ইনিংসের জন্য হার মানতে হয়েছিল পাকিস্তানকে।রোববার গ্লেন ম্যাক্সওয়েলও ৩৩ বলে ৭৪ রান করে স্বপ্ন দেখাচ্ছিলেন অস্ট্রেলীয়দের।উমর আকমল অবশ্য জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন।“আমাদের বোলিং আক্রমণ শক্তিশালী। তাই আমি কখনোই ভাবিনি যে হেরে যাব। কোনো সন্দেহ নেই গ্লেন ম্যাক্সওয়েল দারুণ সব শট খেলেছে। কিন্তু আমাদের বোলাররা ঠিকই ঘুরে দাঁড়িয়েছে।”পাকিস্তান দু শ’র কাছাকাছি রান করলেও বোলিংয়ের চেয়ে ফিল্ডিং নিয়ে অনেক বেশি হতাশ জর্জ বেইলি।সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, “সাত ওভার শেষে ওদের স্কোর ছিল ২ উইকেটে ৪০-এর মতো। তবে আমরা নিজেদের মান অনুযায়ী ফিল্ডিং করতে পারিনি। আমার বিশ্বাস, এই টুর্নামেন্টে ফিল্ডিংও দুই দলের মধ্যে ব্যবধান গড়তে ভূমিকা রাখবে। গত কয়েকটা ম্যাচে আমাদের ফিল্ডিং খুব ভালো ছিল।”ম্যাক্সওয়েল ও অ্যারন ফিঞ্চের প্রশংসা করলেও জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে যাওয়ায় ব্যাটসম্যানদের দুষলেন বেইলি। তিনি বলেন, “এক সময় আমাদের ৬০ বলে ৭০ রানের মতো লাগতো। এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে থেকেও জিততে না পারা ভীষণ হতাশাজনক। তবে ম্যাক্সওয়েল ও ফিঞ্চ অসাধারণ খেলেছে।”“আসলে আমরা ছন্দ হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ দেখলাম সবকিছু খুব কঠিন হয়ে গেছে। শেষ দিকে আফ্রিদি, আজমল আর গুল ভালো বলও করেছে।”