শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী স্যামি
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে জয় দিয়েই শিরোপা ধরে রাখার ‘মিশন’ শুরু করতে চান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
শনিবার অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে স্যামি বলেন, “ওরা (ভারত) ভালোভাবে টুর্নামেন্ট শুরু করেছে। সেই ম্যাচ থেকে আত্মবিশ্বাসও পেয়েছে। ভালো করার সামর্থ্য আমাদের রয়েছে। এই ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। আর আমরা জয় দিয়েই শুরু করতে চাই।” স্যামি মনে করেন, ক্রিস গেইল, সুনীল নারায়ণের উপস্থিতি ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি ক্রিকেটে বিপজ্জনক দলের কাতারে রেখেছে। কাইরন পোলার্ডের অভাব অনুভব করলেও দলের সঠিক ভারসাম্যে সন্তুষ্ট স্যামি। “গেইল, ডোয়াইন ব্রাভো, মারলন স্যামুয়েলস সুনীলের মতো টি-টোয়েন্টিতে অভিজ্ঞ ক্রিকেটার আমাদের আছে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ভালো শুরু এনে দেয়ার পর দলকে টেনে নেয়ার মতো মিডলঅর্ডার আমাদের আছে। আর শেষে দ্রুত রান তোলার জন্য আমি, আন্দ্রে রাসেল আছি।” অফস্পিনার সুনীলের নেতৃত্বাধীন বোলিং আক্রমণ নিয়েও উচ্ছ্বসিত স্যামি। তিনি বলেন, “বোলিংয়ের দিক থেকেও আমাদের দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ। রবি রামপল, ক্রিসমার সানতোকির মতো পেসার আছে। সুনীল, স্যামুয়েল বদ্রির মতো স্পিনার আছে।” শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও এখনই শিরোপা নিয়ে ভাবতে নারাজ তিনি। আপাতত তার ভাবনায় কেবল ভারত। স্যামি জানান, এবারের ওয়েস্ট ইন্ডিজ দলের আত্মবিশ্বাস অনেক উঁচুতে।
“আমাদের দলের সবচেয়ে বড় শক্তি, আমরা একক কারোর ওপর নির্ভরশীল নই। দলে ৫/৬ জন রয়েছেন, যারা দলকে জয় এনে দিতে পারেন।”
ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না সংবাদ সম্মেলনে বলেন, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা ছক্কা হাঁকাতে পারে কিন্তু স্পিনে প্রান্তবদল করে খেলতে পারে না। এর জবাবে স্বভাবসুলভ রসিকতা করে স্যামি বলেন, “পারলে ওরা ছক্কা মারা থামাক।”
