অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান
বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ব্যর্থতার বৃত্ত ভাঙতে না পারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী পাকিস্তানের কোচ মঈন খান।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রথম ম্যাচ হারলেও ছেলেদের ওপর আমার আস্থা আছে। আশা করি, অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচেই ওরা ঘুরে দাঁড়াবে। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলবো। জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।” রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। মঈন মনে করেন, সুপার টেনের প্রথম ম্যাচেই হেরে পাকিস্তানের সেমিফাইনালের লক্ষ্য কঠিন হয়ে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই জয় ছাড়া কিছু ভাবছেন না সাবেক এই উইকেটরক্ষক। “যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরে গেলে সুযোগ কমে যায়। সেমি-ফাইনাল নিশ্চিত করতে হলে আমাদের অনেক কষ্ট করতে হবে।” পাকিস্তানের বিপক্ষে তিন স্পিনার খেলিয়েছিল ভারত। তাতে সাফল্যও পেয়েছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের বাড়তি স্পিনার খেলানোর সম্ভাবনা সম্পর্কে মঈন বলেন, “আমাদের অনেক ‘অপশন’ আছে। ভারতের বিপক্ষে শোয়েব মালিকও ছিল, কিন্তু তাকে বল করাতে পারিনি। স্কোয়াডে বাড়তি স্পিনার আছে। পিচ দেখে সিদ্ধান্ত নেব।” আগের ম্যাচে স্পিনের জন্য প্রস্তুত ছিল পাকিস্তান। কিন্তু তবুও অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজাদের ঠিকভাবে সামলাতে পারেনি তারা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিনে ভালো করার ব্যাপারে আশাবাদী মঈন। ভারতের বিপক্ষে ব্যর্থ ব্যাটসম্যানদের পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর তাগিদ দিয়ে পাকিস্তানের কোচ বলেন, “টস খুব গুরুত্বপূর্ণ। তবে লড়াইয়ের জন্য ব্যাটসম্যানদের স্কোর বোর্ডে যথেষ্ট রান করতে হবে। ভারতের বিপক্ষে ১৫০/১৬০ রান করার লক্ষ্য থাকলেও আমরা পারিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটসম্যানদের ভালো করতেই হবে।” ছন্দে থাকা শহীদ আফ্রিদির ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নেই জানিয়ে মঈন বলেন, “সে এসেই শট খেলতে পারে। ১০ ওভারের পর প্যাড পরে থাকে। ১৫/১৬ ওভারে কোনো উইকেট পড়লে নামবে। ভারতের বিপক্ষে ঠিক সময়েই সে নেমেছিল।”
