ইংল্যান্ড দলে রাইটের বদলে কিসওয়েটার
চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের পুরষ দল থেকে বাদ পড়েছেন লুক রাইট। তার জায়গায় এসেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ক্রেইগ কিসওয়েটার।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ইংল্যান্ড দলের এই পরিবর্তনের বিষয়টি অনুমোদন করা হয়েছে।
রাইট পিঠের ডান পাশে চোট পেয়েছেন। তার বদলে দলে আসা ২৬ বছর বয়সী কিসওয়েটার ইংল্যান্ডের হয়ে ২৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৫২৬ রান করেছেন। ২০১২ সালের শ্রীলঙ্কায় গত বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে এ ফরম্যাটে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন তিনি।
শনিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ইংল্যান্ডের।
