আল-আমিনের উচ্ছ্বাস আর স্বস্তি
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দুই ওভার বল করলেও তেমন ভালো করতে পারেননি। পরে আর বল হাতে পাননি আল-আমিন হোসেন। তবে পরের ম্যাচে নেপালের বিপক্ষে দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন এই পেসার।
মঙ্গলবার নেপালের বিপক্ষেও প্রথম ওভারে ভালো লাইন-লেন্থে বল করতে সমস্যা হচ্ছিল। কিন্তু পরে দুটো মূল্যবান উইকেট নিয়ে এই পেসারই বাংলাদেশের জয়ের নায়ক। তাই একই সঙ্গে উচ্ছ্বাস আর স্বস্তি তার কণ্ঠে।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটের সহজ জয়ের পর সংবাদ সম্মেলনে আল-আমিন বলেন, “প্রথম ম্যাচে যে ভালো করতে পারিনি, তা নিজেও বুঝতে পেরেছিলাম। বিশ্বকাপে সেটাই ছিল আমার প্রথম ম্যাচ। এর আগে টি-টোয়েন্টি ম্যাচই মাত্র একটা খেলেছিলাম।”“আজ প্রথম ওভারটাও ভালো হয়নি। এতো শিশিরের মধ্যে কখনো খেলিনি। তবে বুঝতে পেরেছিলাম, পরের তিন ওভার ‘উইকেট টু উইকেট’ বল করতে পারলে ভালো করা সম্ভব।”প্রথম ওভারে তিনটি ওয়াইডসহ ৮ রান দিলেও শেষ পর্যন্ত ৪ ওভারে ১৭ রান দিয়ে সাগর পান ও জ্ঞানেন্দ্র মাল্লাকে ফিরিয়ে দিয়েছেন আল-আমিন। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।উইকেট প্রসঙ্গে তিনি বলেন, “এই উইকেট স্পিনারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। রাজ্জাক ভাই আর সাকিব ভাই উইকেট থেকে একটু সাহায্য পেলে ওদের আরো কম রানে বেঁধে রাখতে পারতাম। অবশ্য তিন উইকেট হারানোর পর ওরা রক্ষণাত্মক ব্যাটিং করেছে। ১২০ বলে ১২৬ আমার কাছে বেশি রান বলেও মনে হয় না।”নেপালের কোচ উবুদু দেশনায়েকে মনে করেন, তারা আর ২০টা রান বেশি করতে পারলে খেলার চিত্র অন্যরকম হতো।তিনি বলেন, “আমাদের লক্ষ্য ছিল ১৪৫ রান। লক্ষ্য পূরণ হলে ম্যাচটা অন্যরকম হতে পারতো। আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু শেষ দিকে আমরা দ্রুত রান করতে পারিনি।”
