প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড ও উইন্ডিজের মেয়েদের জয়
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ড ২ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। দক্ষিণ আফ্রিকাকে সহজেই ৫২ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।ইংল্যান্ড-পাকিস্তানমঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১০৬ রান করে পাকিস্তান।সর্বোচ্চ ৩৬ রান করে আসে অধিনায়ক সানা মীর ও নিদা দারের ব্যাট থেকে। বিসমাহ মারুফ করেন ১১ রান। এছাড়া কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
ইংল্যান্ডের পক্ষে ড্যানিয়েল হ্যাজেল ও নাটালিয়া শিভার দুটি করে উইকেট নেন।
জবাবে ১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
সর্বোচ্চ ৩৪ রান করেন লিডিয়া গ্রিনওয়ে। ২১ রান আসে অধিনায়ক শার্লট এডওয়ার্ডসের ব্যাট থেকে।
পাকিস্তানের পক্ষে সুমাইয়া সিদ্দিকি ও আসমাভিয়া ইকবাল তিনটি করে উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা
বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১২৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
সর্বোচ্চ ৪৫ রানে অপরাজিত থাকেন স্টেফানি টেইলর। নাতাশা ম্যাকলেন ২৬ ও চিনলে হেনরি ২৫ রান করেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে সাবনিম ইসমাইল দুটি উইকেট নেন।
জবাবে ১৮ ওভার ৫ বলে ৭১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন ও আনিসা মোহাম্মদ দুটি করে উইকেট নেন।
