২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের সঙ্গে আয়ারল্যান্ডের নাটকীয় জয়

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই রোমাঞ্চকর লড়াইয়ের সাক্ষী সিলেট বিভাগীয় স্টেডিয়াম। সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে নাটকীয়ভাবে শেষ বলে ৩ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 07:29 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

গ্রুপের অন্য দুই দল নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত হওয়ায় এই জয়ে আইরিশদের ‘সুপার টেন’-এ খেলার সম্ভাবনাও উজ্জ্বল।টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে ৫ উইকেটে ১৬৩ রানের লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে সবচেয়ে বড় অবদান ছিল অধিনায়ক ব্রেন্ডন টেইলরের। ৪৬ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৫৯ রান করেন তিনি।১৩ বলে দুই ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২২ রান এল্টন চিগুম্বুরার। উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজার অবদান ২১ রান।দুটি করে উইকেট নেন দুই অফস্পিনার জর্জ ডকরেল ও অ্যান্ডি ম্যাকব্রাইন।জবাবে অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টার্লিংয়ের মাত্র ৫০ বলে ৮০ রানের উদ্বোধনী জুটি আইরিশদের সহজ জয়ের স্বপ্ন দেখাচ্ছিল।স্টার্লিংয়ের ৩৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংসে চার ৯টি ও ছক্কা একটি। ২৩ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩১ রান করেন পোর্টারফিল্ড।এই দুজনের বিদায়ের পর অ্যান্ড্রিউ পয়েন্টার (২৩), এড জয়েস (২২) ও কেভিন ও’ব্রায়েন (১৭) মোটামুটি অবদান রাখলেও শেষ দিকে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড।শেষ দুই ওভারে ৭ রান প্রয়োজন ছিল। ১৯তম ওভারে তেন্ডাই চাতারা মাত্র ৩ রান দেন।তিনাশে পানিয়াঙ্গারার করা শেষ ওভারের প্রথম দুই বলে দুই রান হওয়ার পর তৃতীয় বলে জয়েস বোল্ড হয়ে যান। পরের বলে শন উইলিয়ামসের সরাসরি থ্রো রান আউট করে দেয় ম্যাক্স সরেনসেনকে।অর্থাৎ শেষ দুই বলে দরকার দুই রান। পঞ্চম বলে স্টুয়ার্ট টম্পসন এক রান নেন। শেষ বলটি অ্যালেক্স কুসাক ব্যাটে লাগাতে পারেননি, নন-স্ট্রাইক প্রান্ত থেকে ছুটে যাওয়া টম্পসনকেও রান আউট করতে পারেননি উইকেটরক্ষক টেইলর।তাই স্বস্তি-আনন্দ-রোমাঞ্চ সব অনুভূতি মেশানো জয়ের আনন্দে মেতে ওঠে আইরিশরা।সংক্ষিপ্ত স্কোর:জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৬৩/৫ (মাসাকাদজা ২১, সিকান্দার ১০, টেইলর ৫৯, উইলিয়ামস ১৬, সিবান্দা ১৬, চিগুম্বুরা ২২*, মারুমা ১৩*; ডকরেল ২/১৮, ম্যাকব্রাইন ২/২৬, কুসাক ১/৫৩)আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৬৪/৭ (পোর্টারফিল্ড ৩১, স্টার্লিং ৬০, জয়েস ২২, পয়েন্টার ২৩, উইলসন ০, ও’ব্রায়েন ১৭, টম্পসন ৩*, সোরেনসেন ০, কুসাক ০*; পানিয়াঙ্গারা ৪/৩৭, চাতারা ১/২০, উইলিয়ামস ১/২৭)ম্যাচ সেরা: পল স্টার্লিং।