‘কন্ডিশন’ নিয়ে চিন্তিত নন দু প্লেসি
বাংলাদেশের ‘কন্ডিশন’ অর্থাৎ পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়া যে কঠিন, তা মেনে নিচ্ছেন নির্দ্বিধায়। তবে তাতে তেমন সমস্যা হবে না বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি।
রোববার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া অবশ্যই চ্যালেঞ্জিং। তবে আমাদের বেশ কয়েকজন খেলোয়াড়ের আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে। ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের কন্ডিশন কাছাকাছি হওয়ায় এর সঙ্গে আমরা বেশ পরিচিত।”টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তেমন সাফল্য নেই। ২০০৯ সালে সেমি-ফাইনালে খেলাই তাদের সেরা সাফল্য।এবার শিরোপা-লড়াই ‘উন্মুক্ত’ হবে বলেই ধারণা দু প্লেসির।“ছয়/সাতটি দলের যে কেউ শিরোপা জিততে পারে। খেলার সময় যে দল ভালো করবে তারাই সফল হবে।”আইসিসির সব প্রতিযোগিতায় অন্যতম ফেভারিট হিসেবে অংশ নিলেও দক্ষিণ আফ্রিকানদের সাফল্যের হার খুব কম। ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত মিনি বিশ্বকাপ (এখনকার চ্যাম্পিয়ন্স ট্রফি) ছাড়া আর কোনো বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি তারা।তাই ভালো দল হয়েও ‘চোকার্স’ অর্থাৎ চাপের মধ্যে ভেঙ্গে পড়ার দুর্নাম অনেক দিন ধরে বয়ে বেড়াতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে।এ প্রসঙ্গে দু প্লেসি বলেন, “টুর্নামেন্টে ভালো করতে হলে অবশ্যই আমাদের ভালো খেলতে হবে। নইলে আমরা হেরে যাব। তবে এটা অন্তত বলতে পারি, আমরা কখনো হাল ছেড়ে দেব না।”‘সুপার টেন’-এর এক নম্বর গ্রুপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও প্রথম পর্বের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। ২২ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।
