২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মবিশ্বাসের অভাব নেই স্যামির

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী ড্যারেন স্যামি। তবে সেজন্য অনেক পরিশ্রম করতে হবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 09:13 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

দুই বছর আগের বিশ্বকাপে স্যামির অধিনায়কত্বেই স্বাগতিক শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবীয়রা।রোববার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলেনে তিনি বলেন, “নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অবশ্যই আমরা শিরোপা ধরে রাখতে পারবো। তবে তা করতে হলে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে।”অন্যদের মতো ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কও নির্দিষ্ট কোনো দলকে ‘ফেভারিট’ বলে মনে করেন না। এ প্রসঙ্গে স্যামি বলেন, “প্রতিটি দলেরই শিরোপা জয়ের সম্ভাবনা আছে। যে দল ধারাবাহিকভাবে ভালো খেলে নিজেদের পুরোপুরি মেলে ধরতে পারবে, তারাই চ্যাম্পিয়ন হবে।”ওয়েস্ট ইন্ডিজের অন্যতম শক্তি ব্যাটিং লাইন-আপ। বিশেষ করে ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিং তাদের সাফল্যের অন্যতম কারণ। গত বিশ্বকাপে দলকে শিরোপা এনে দেয়ার পথে ৪৪.৪ গড়ে ২২২ রান করেছিলেন গেইল, স্ট্রাইক রেট ছিল ১৫০।গেইল প্রসঙ্গে স্যামি বলেন, “আমি মনে করি টি-টোয়েন্টিতে গেইল সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান। সে আমাদের দলের অনেক বড় সম্পদ। তবে শিরোপা ধরে রাখতে হলে দলের সবাইকে পারফর্ম করতে হবে।”‘সুপার টেন’-এর দুই নম্বর গ্রুপে ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে।অনেকের মতো স্যামিরও বিশ্বাস গ্রুপটা ভীষণ কঠিন।“আমাদের গ্রুপের প্রতিটি দলের জন্যই লড়াইটা কঠিন হবে। প্রথম পর্ব পেরিয়ে বাংলাদেশ ও আফগানিস্তান যে-ই খেলুক না কেন, দুটোই অনেক ভালো দল।”২৩ মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।