২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাককালামের দুঃখ ভোলার ‘মিশন’

বাংলাদেশে শেষ দুটি সফর ভালো কাটেনি নিউ জিল্যান্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করে ঐ দুই সফরের দুঃখ ভুলতে চান ব্রেন্ডন ম্যাককালাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 08:34 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে নিউ জিল্যান্ড দলের অধিনায়ক বলেন, “এখানে শেষ দুটি সফরে আমরা ভালো খেলতে পারিনি। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলে এবার ভালো করা সম্ভব।”‘সুপার টেন’-এর এক নম্বর গ্রুপে নিউ জিল্যান্ডের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং কয়েক দিন আগে এশিয়া কাপ জিতে যাওয়া শ্রীলঙ্কা।এই গ্রুপের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। গত অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে এই মাঠে একটি টেস্ট খেলেছিল নিউ জিল্যান্ড। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগানোর ব্যাপারে আশাবাদী ম্যাককালাম।“আমাদের দলে চারজন বিশেষজ্ঞ স্পিনার আছে। রস টেইলর, কেন উইলিয়ামসনের মতো স্পিনের বিপক্ষে ভালো ব্যাটসম্যানও আমাদের আছে।”গত বছর বাংলাদেশ সফরে নিউ জিল্যান্ডের অন্যতম সফল খেলোয়াড় ছিলেন কোরি অ্যান্ডারসন। এ বছরের ১ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে শতক করে শহীদ আফ্রিদির ১৭ বছর ধরে টিকে থাকা ওয়ানডের দ্রুততম শতকের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন এই অলরাউন্ডার।ভালো সূচনার ওপরে গুরুত্ব আরোপ করে ম্যাককালাম বলেন, “প্রত্যেক ম্যাচে ভালো শুরু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য সঠিক কৌশল গ্রহণ করতে হবে। তবে একটু ভাগ্যের সহায়তাও প্রয়োজন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটো ম্যাচ আমরা ‘সুপার ওভার’-এ হেরেছিলাম।”