বুড়ো আঙুলে সংক্রমণে বেকায়দায় জনসন
বিশ্বকাপ নিয়ে শঙ্কা নেই, তবে অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসনের বাংলাদেশে আসতে একটু দেরি হতে পারে। ডান পায়ের বুড়ো আঙুলে সংক্রমণ নিয়ে এখন তিনি নিজের শহর পার্থে আছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালে ডান পায়ের বুড়ো আঙুল কেটে গিয়েছিল জনসনের। পরে সেখানেই সংক্রমণ দেখা দেয়। টেস্ট সিরিজ শেষেই তাই অস্ট্রেলিয়া চলে যান জনসন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক দলের প্রধান জাস্টিন পাওলিনি জানান, টেস্ট সিরিজের পর থেকে সেরে উঠতে পার্থে নিজের বাড়িতেই আছেন জনসন। তবে ডান পায়ের কেটে যাওয়া বুড়ো আঙুলের সংক্রমণের অবস্থা ভালো।
জনসনের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অবশ্য শঙ্কা নেই। তবে পাওলিন জানিয়েছেন, পুরোপুরি না সারা পর্যন্ত বাংলাদেশে আসছেন না জনসন।
“জনসনের চিকিৎসা চলছে। তবে তার বাংলাদেশে রওনা দিতে দেরি হতে পারে। কারণ, তার অবস্থা নিয়ে পুরো সন্তুষ্ট হওয়ার আগে তাকে আমরা ছাড়ব না।”
