ভারতকে হারানোর প্রত্যাশায় হাফিজ
বিশ্বকাপে ভারতকে প্রথমবারের মতো হারানোর প্রত্যাশা করছেন পাকিস্তান দলের টি-টোয়েন্টির অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব অর্থাৎ সুপার টেন শুরু হবে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে। ওয়ানডে বা টি-টোয়েন্টি –কোনো বিশ্বকাপেই চির প্রতিদ্বন্দ্বী ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান।
কদিন আগেই এশিয়া কাপে খেলে যাওয়া পাকিস্তান শুক্রবার বাংলাদেশে আসবে। এক সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি একদিন পর দলের সঙ্গে যোগ দেবে। ২১ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
হাফিজ জানান, খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে ভারতের বিপক্ষে ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ।
শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করতে ভারতের বিপক্ষে জয় ভীষণ জরুরি বলে মনে করেন হাফিজ।
“যেখানেই ওদের (ভারত) বিপক্ষে খেলি না কেন, সেটাতে চাপ থাকবেই। ওদের বিপক্ষে ভালো করতে পারলে সব কিছু সহজ হয়ে যায়।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৭ সালের রানার্সআপ পাকিস্তান শিরোপা জেতে ২০০৯ সালে। এবার এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এলেও শ্রীলঙ্কার কাছে ফাইনালে হেরে যায় তারা। তবে সেই টুর্নামেন্ট থেকে ভালো খেলার অনুপ্রেরণা পাচ্ছেন হাফিজ।
“আমদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যর্থ হওয়ার ভীতি থাকলে চলবে না। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে একবার ভুল হলে ফিরে আসা যায় না। আমরা কোনো ভুল না করারই চেষ্টা করবো।”
