২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ‘নিরাপত্তা না পেলে’ আইপিএল বাংলাদেশেও

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর এ মৌসুমে বসেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। তবে বাংলাদেশে ঠিকই হতে যাচ্ছে ম্যাচ পাতানোর কলঙ্ক বয়ে বেড়ানো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছে, ভারতের জমজমাট এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের কিছু অংশ বাংলাদেশেও হতে পারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 04:12 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

ভারতে নির্বাচনের কারণে ক্রিকেটের জন্য পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ায় আইপিএলের ভেন্যু সরিয়ে নিতে হচ্ছে আয়োজকদের। সংযুক্ত আরব আমিরাতে প্রথম অংশ শুরু হবে আগামী ১৬ এপ্রিল।

আইপিএল আয়োজকরা এক বিজ্ঞপ্তিতে জানান, ভারতে পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়া গেলে আগামী ১ থেকে ১২ মে পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায়টা হবে বাংলাদেশে।

আইপিএলের শেষ অংশটি ১ জুন পর্যন্ত ভারতে হবে।

বাংলাদেশে আইপিএলের ম্যাচগুলো আয়োজন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গত মে মাসের মাঝামাঝি সময়ে সাবেক টেস্ট বোলার শ্রীশান্তসহ রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে এ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অনেকের পরিচয় ফাঁস হতে থাকে, গ্রেপ্তার হন আরো কয়েকজন।

এ নিয়ে সাবেক বিচারপতি মুকুল মুডগালের নেতৃত্বাধীন একটি কমিশনের প্রতিবেদনে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান এন শ্রীনিবাসনের মেয়ের জামাই গুরুনাথ মায়াপ্পনের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ তুলে ধরা হয়।

১৭০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, আইপিএলের ম্যাচ পাতানো এবং এ নিয়ে বাজি ধরায় যুক্ত ছিলেন মায়াপ্পন। এছাড়া আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মালিক রাজ কুন্দ্রার বিরুদ্ধে আরো তদন্ত প্রয়োজন বলেও কমিশন সুপারিশ করে।

তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর ভারতের কয়েকটি গণমাধ্যমে বলা হয়, বর্তমান জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিল।