২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে অনিশ্চিত ব্রড

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার স্টুয়ার্ট ব্রডকে পাওয়া নিয়েও সংশয়ে রয়েছে ইংল্যান্ড। হাঁটুর চোটে ভুগছেন এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 04:31 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতেও খেলতে পারবেন না ব্রড। আগামী মঙ্গল ও বৃহস্পতিবার হবে ঐ দুটি ম্যাচ।

কয়েকদিন আগে আঙুলে চোট পাওয়ায় বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছেন ব্যাটসম্যান জো রুট।

রোববার ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি চলার সময় হাঁটুতে ব্যথা অনুভব করেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক ব্রড। ম্যাচটি ২৭ রানে হেরে গেছে ইংল্যান্ড।

তার পায়ের এই সমস্যা অবশ্য নতুন নয়। বেশ লম্বা সময় ধরে চলা অস্ট্রেলিয়া সফরের সময় চোটের অবস্থা আরো খারাপ হয়েছিল বলে জানিয়েছেন ব্রড। কিন্তু প্রতিবার ইনজেকশন নিয়ে খেলা চালিয়ে গেছেন তিনি। সাম্প্রতিক এই অস্ট্রেলিয়া সফরে দলের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ব্রড।

তবে আসন্ন বিশ্বকাপে খেলতে প্রত্যয়ী ২৭ বছর বয়সী ব্রড। প্রয়োজনে আরেকটি ইনজেকশন নিয়ে বিশ্বকাপে খেলতে চান তিনি।

আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ডের প্রথম ম্যাচ ২২ মার্চ, নিউ জিল্যান্ডের বিপক্ষে।