মুশফিকের ভালো খেলার প্রতিশ্রুতি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে আমরা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাইনি। তাই আমরা কঠোর পরিশ্রম করে আরো ভালো খেলতে উদগ্রীব। ভালো পারফর্ম করার জন্য সবাই মুখিয়ে আছে। আমি ওয়াদা করছি, এই টুর্নামেন্টে আমরা ভালো খেলবো।”
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। তবে এরপর টি-টোয়েন্টির সেরা আসরে একটি ম্যাচও জিততে পারেনি।
মুশফিক অবশ্য মনে করেন, এবার ঘরের মাঠে দেশের ক্রিকেটপ্রেমীদের তারা হতাশ করবেন না।
“আমরা খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলিনি। তাই এই ফরম্যাটে ধারাবাহিকভাবে ভালো খেলা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে। অবশ্য এ মৌসুমে আমরা বেশ কিছু টি-টোয়েন্টি খেলেছি। সে সব ম্যাচে আমাদের খেলোয়াড়রা ভালো খেলেছে, দল হিসেবেও আমরা ভালো করেছি।”
টি-টোয়েন্টিতে ভুল যতটা সম্ভব কম করার জন্য সতীর্থদের প্রতি আহ্বান জানিয়ে মুশফিক বলেন, “টি-টোয়েন্টিতে ভুল করলে ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়ে। ২০ ওভারের খেলা সব সময় চ্যালেঞ্জিং। এ ধরনের ক্রিকেটে নিয়মিত বিরতিতে উইকেট নেয়া খুব গুরুত্বপূর্ণ।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অন্তত একটি জয় মনে-প্রাণে চেয়েছিলেন মুশফিক। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ও এশিয়া কাপে একটিও জয় না পেলেও হতাশায় ভেঙ্গে পড়েননি বাংলাদেশের অধিনায়ক।
“আমরা হয়তো কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। তবে আমাদের হাতে ‘প্রসেস’ আছে, আর আমরা সেদিকেই মনোযোগ দিচ্ছি। এমনও হতে পারে, আমাদের নতুন অধ্যায়ের সূচনা হয়তো বিশ্বকাপেই হবে। আশা করি ১৬ তারিখ (আফগানিস্তানের বিপক্ষে) আমরা তাই করে দেখাব।”
এই বিশ্বকাপকে ছন্দ হারিয়ে ফেলা ক্রিকেটারদের নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে দেখছেন মুশফিক। তিনি বলেন, “আশা করি এই প্রতিযোগিতায় সবাই অবদান রাখবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা মঞ্চ। আমাদের লক্ষ্য থাকবে, ম্যাচের পুরো ৪০ ওভার আক্রমণাত্মক ক্রিকেট খেলার।”
