ম্যাথিউসের মনে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
অনেক দিন পর শ্রীলঙ্কা শিরোপার আনন্দে উদ্বেল। এশিয়া কাপ চ্যাম্পিয়নদের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস তাই ভীষণ উচ্ছ্বসিত।
২০০৮ সালে চতুর্থবারের মতো এশিয়া কাপ জয়ের পর গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে কিছুতেই সাফল্যের দেখা পাচ্ছিল না শ্রীলঙ্কানরা। এরপর ২০১১ সালের ওয়ানডে এবং ২০০৯ ও ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হার মানতে হয়েছে তারা।অবশেষে শিরোপা জয়ের প্রতীক্ষা শেষ হওয়ায় ম্যাথিউসের কণ্ঠে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস।শনিবার ফাইনাল শেষে তিনি বলেন, “আজ দ্রুত দুই উইকেট হারালেও লাহিরু থিরিমান্নে ও মাহেলা জয়াবর্ধনে খুব ভালো ব্যাট করেছে। পাকিস্তানের বোলিং আক্রমণ খুব শক্তিশালী। ওরা ঘুরে দাঁড়াতে পারতো। কিন্তু থিরিমান্নে-জয়াবর্ধনে তাদের সেই সুযোগ দেয়নি।”ফাইনালের সেরা খেলোয়াড় লাসিথ মালিঙ্গার প্রশংসা করে ম্যাথিউস বলেন, “ফাইনালের জন্য বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম দেয়া হয়েছিল মালিঙ্গাকে। সে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অভিজ্ঞ বোলার।”ম্যাথিউসের ঠিক বিপরীত অবস্থা মিসবাহ-উল-হকের। খেলা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হারের জন্য বোলিং ও ফিল্ডিংকে দায়ী করে পাকিস্তানের অধিনায়ক বলেন, “সাঈদ আজমল ছাড়া আমাদের আর কোনো বোলার ভালো করতে পারেনি। একজন বোলার কখনো ম্যাচ জেতাতে পারে না। শ্রীলঙ্কার মতো আমাদের বোলারদেরও ‘উইকেট টু উইকেট’ বল করা প্রয়োজন ছিল।”মালিঙ্গা ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় থিরিমান্নের প্রশংসা করে মিসবাহ বলেন, “থিরিমান্নে ভালো ব্যাট করেছে। তার সঙ্গে জয়াবর্ধনের দেড় শ’ রানের জুটি ম্যাচ শেষ করে দিয়েছে। আর মালিঙ্গা অসাধারণ বোলার। ওর প্রথম স্পেলটা ছিল দারুণ। ওকে উইকেট না দেয়ার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।”
