প্রথম টি-টোয়েন্টিতে হারলো বাংলাদেশের মেয়েরা
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে শতভাগ সাফল্য পেলেও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। শনিবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ১৩ রানে হেরে গেছে তারা।
পাকিস্তানের চার উইকেটে গড়া ১২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শামিমা সুলতানা (১৮) ও আয়েশা রহমানের (১২) ৩০ রানের উদ্বোধনী জুটিতে সূচনাটা ভালো হলেও তা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। এক পর্যায়ে তিন রানের মধ্যে তিন উইকেটে হারিয়ে বসে তারা।
এরপর রুমানা আহমেদের (১৬) সঙ্গে ৪১ রানের জুটি গড়ে ফারজানা হক শেষ একটা চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেননি তিনি। ছয় উইকেটে ১১৩ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ৪০ বলে ১টি চারের সাহায্যে ৩৫ রান করেন ফারজানা।
পাকিস্তানের পক্ষে ২২ রানে দুটি উইকেট নেন আসমাভিয়া ইকবাল।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১২ রানের মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান সৈয়দা ফাতিমা আবিদি (৬) ও মারিনা ইকবালের (০)উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান।
তবে বিসমাহ মারুফের (৩৯) সঙ্গে ১০৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান জাভেরিয়া খান। ৫৫ বলে ৫টি চারের সাহায্যে ৫৮ রান করেন জাভেরিয়া।
একটি করে উইকট নেন বাংলাদেশের তিন পেসার জাহানারা আলম, লতা মন্ডল ও পান্না ঘোষ।
একই ভেন্যুতে আগামী ১৫ মার্চ হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
