গেইল ফিরলেও অপেক্ষায় পোলার্ড
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে নেয়া হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলকে। তবে হাঁটুর চোট থেকে সেরে উঠতে পারেননি কাইরন পোলার্ড।
বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।গত ১৯ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলার সময় পিঠের নিচের অংশে চোট পান গেইল। সে কারণে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ও ইংল্যান্ডের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি।তাই গেইলের ফেরাটা ওয়েস্ট ইন্ডিজের জন্য দারুণ স্বস্তির। কারণ টি-টোয়েন্টিতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না এই ফরম্যাটের ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়নদের। শেষ ছয় টি-টোয়েন্টি ম্যাচের পাঁচটিতেই হেরেছে তারা।এক দিক থেকে ক্যারিবীয়দের এই দলে তেমন কোনো চমক নেই। আগামী মাসে বাংলাদেশে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ সেটাই তারা অপরিবর্তিত রেখেছে।ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি হবে আগামী ৯ মার্চ বার্বাডোজে। ১১ ও ১৩ মার্চ একই ভেন্যুতে হবে সিরিজের শেষ দু’টি ম্যাচ।ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল: ড্যারেন সামি (অধিনায়ক), স্যামুয়েল বর্দি, ডোয়েইন ব্রাভো, জনসন চার্লস, শেলডন কোট্রেল, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, সুনীল নারায়ণ, দিনেশ রামদিন, রবি রামপাল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, ক্রিসমার সান্তোকি, লেন্ডল সিমন্স, ডোয়েইন স্মিথ।
