২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথের টেস্ট জিতে সিরিজ অস্ট্রেলিয়ার

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথের বিদায়ী টেস্টে শেষ হাসি হাসলো অস্ট্রেলিয়া। কেপটাউনের নিউল্যান্ডসে স্বাগতিকদের ২৪৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজও জিতে নিল মাইকেল ক্লার্কের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 11:08 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল অধিনায়ক ও ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ।

জয়ের ব্যবধান অনেক হলেও ম্যাচটি কিন্তু প্রায় ড্র করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। রায়ান হ্যারিস শেষ মুহূর্তে দুটি উইকেট তুলে নিলে সমতাতেই শেষ হতো তিন ম্যাচের সিরিজটি।

সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ২৮১ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। তবে পোর্ট এলিজাবেথে ২৩১ রানে জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখে স্বাগতিকরা। কিন্তু শেষটা পরিকল্পনামাফিক হলো না। ফলে পাঁচ বছর পর আবারো সিরিজ হারের স্বাদ পেলেন গ্রায়েম স্মিথ।

শেষবার ২০০৮/০৯ মৌসুমে এই অস্ট্রেলিয়ার কাছেই তিন ম্যাচের সিরিজে ২-১ এ হেরেছিল দক্ষিণ আফ্রিকা। সেটাও ছিল দেশের মাটিতেই।

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে ছিল ৫১১ রানের প্রায় অসম্ভব লক্ষ্য। আর ড্র করতে হলে তাদের ব্যাট করতে হতো শেষ দিনের পুরোটা সময়। ছয় উইকেট হাতে রেখে সেই অসাধ্য সাধনের লক্ষ্যেই বুধবার শেষ দিনে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তাদের স্কোর তখন ৪/৭১।

নাইটওয়াচম্যান কাইল অ্যাবোট ও এবি ডি ভিলিয়ার্সে ব্যাটে ভর করে দিনের প্রথম ২৫ ওভার নির্বিঘ্নেই কাটিয়ে দেয় স্বাগতিকরা। তবে ৬৭তম ওভারের প্রথম বলে জেমস প্যাটিনসনের গতির সামনে আর টিকতে পারেননি অ্যাবোট। কিন্তু আটউ হওয়ার আগে ৮৯ বলে সাত রানের ‘সুদীর্ঘ’ ইনিংস খেলেন তিনি।

এরপর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ১৮.১ ওভার স্থায়ী ৪১ রানের জুটি গড়েন ফাফ দু প্লেসি। রায়ান হ্যারিসেন বলে কট বি হাইন্ড হওয়ার আগে ২২৮ বলে ৪৩ রানের ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। এরপর সপ্তম উইকেটে দু প্লেসির (৪৭) সঙ্গে ১৭.৫ ওভার স্থায়ী ৩৭ রানের জুটি গড়েন ডুমিনি।

অস্টম উইকেটে ডুমিনির সঙ্গে ভার্নন ফিল্যান্ডারের ১৭ ওভার স্থায়ী ৭৩ রানের আরেকটি জুটিতে ম্যাচের সঙ্গে সঙ্গে সিরিজ ড্রয়ের আশা জাগে স্বাগতিক শিবিরে।

১২০তম ওভারে জনসনের তৃতীয় শিকার হয়ে ডুমিনি ফিরে যাওয়ার পর স্বাগতিকরা বড় একটা ধাক্কা খেলেও হাল ধরে রাখেন ফিল্যান্ডার। সঙ্গে ডেল স্টেইনের দৃঢ় ব্যাটিংয়ে প্রত্যাশিত ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল র‌্যাঙ্কিংয়ের এক নম্বর টেস্ট দলটি। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।

দিনের তখন বাকি পাঁচ ওভার। জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই আরো দুই উইকেট। ক্লার্ক বল তুলে দিলেন হ্যারিসের হাতে। আর প্রথম বলেই অসাধারণ এক ইয়র্কারে স্টেইনকে বোল্ড করে ১৫ ওভার স্থায়ী জুটিটি ভাঙেন হ্যারিস। ওই ওভারেরই তৃতীয় বলে মর্নে মরকেল বোল্ড করে দলকে উপহার দেন নাটকীয় এক জয়।

হ্যারিস নেন ৪ উইকেট। আর প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া মিচেল জনসনের শিকার তিনজন। অ্যাশেজে এই পেসার নিয়েছিলেন ৩৭ উইকেট। আর দক্ষিণ আফ্রিকা সফরে ৩ টেস্টে তার শিকার ২২ জন।

তবে সিরিজ সেরা হয়েছেন তিনটি শতক ও দুটি অর্ধশতকের সাহায্যে সিরিজের সর্বোচ্চ ৫৪৩ রান করা অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। শেষ টেস্টের ম্যাচসেরাও হয়েছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৯৪/৭ ডিক্লে. (ক্লার্ক ১৬১*, ওয়ার্নার ১৩৫, স্টিভেন স্মিথ ৮৪; ডুমিনি ৪/৭৩) ও ৩০৩/৫ ডিক্লে. (ওয়ার্নার ১৪৫; অ্যাবট ৩/৬১)

দক্ষিণ আফ্রিকা: ২৮৭ (দু প্লেসি ৬৭, পিটারসেন ৫৩; জনসন ৪/৪২, হ্যারিস ৩/৬৩) ও ২৬৫ (পিটারসেন ৯, স্মিথ ৩, এলগার ০, আমলা ৪১, ডি ভিলিয়ার্স ৪৩, অ্যাবট ৭, দু প্লেসি ৪৭, ডুমিনি ৪৩, ফিল্যান্ডার ৫১*, স্টেইন ১, মরকেল ০; হ্যারিস ৪/৩২, জনসন ৩/৯২, প্যাটিনসন ২/৬২, স্মিথ ১/৪৩)।