বাংলাদেশকে হারানোর প্রত্যয় হাসানের
পাকিস্তানকে আড়াই শ’ মধ্যে আটকে রাখলেও লক্ষ্যের কাছাকাছিও যেতে পারেনি আফগানিস্তান। এশিয়া কাপে প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারানোর লক্ষ্য তাদের। পেসার হামিদ হাসান বাংলাদেশকে হারানোর প্রচ্ছন্ন ‘হুমকি’ও দিয়ে রেখেছেন।
শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের আগে হাসান বলেন, “গত ম্যাচে ভালো খেললেও বেশ কিছু ভুলের জন্য আমরা জিততে পারিনি। আশা করি পরের ম্যাচগুলোতে সে সব ভুলের পুনরাবৃত্তি হবে না। কাল বাংলাদেশকে হারাতে চাই।”
এ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আফগানিস্তানের আট জন খেলেছেন। হাসানসহ কয়েকজন খেলেছেন গতবারের বিপিএলেও। পাকিস্তানের বিপক্ষে বিশ্রাম পাওয়া হাসান মনে করেন, এই অভিজ্ঞতা এবারের বাংলাদেশ সফরে কাজে লাগবে।
“গত বছর বিপিএলে বরিশাল বার্নার্সের হয়ে খেলেছিলাম। আমাদের অনেকেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেছে। এখানকার কন্ডিশন, খেলোয়াড়দের সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা আছে।”
আফগানিস্তান বোলিং নির্ভর দল নয় জানিয়ে হাসান আরো বলেন, “আমাদের ব্যাটিংও যথেষ্ট শক্তিশালী। আমাদের তিন বিভাগের মধ্যে ভালো সমন্বয়। তাই আমাদের দলটাও ভারসাম্যপূর্ণ।”
অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলায় আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তারা মোটামুটি পরিচিত। হাসানের বিশ্বাস, একটি জয় তাদের ক্রিকেটকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে।
“এশিয়া কাপে একটি জয়ই হবে আমাদের জন্য অনেক বড় অর্জন। আমরা মাত্র ১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। অথচ এই টুর্নামেন্টে আমাদের কোনো-কোনো প্রতিদ্বন্দ্বী ৭০/৮০ বা ১০০ বছর ধরে খেলছে। তাই একটি ম্যাচ জিতলেই তা নিয়ে অনেক গর্ব বোধ করবো আমরা।”
