২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির প্রশংসায় রাহানে

টানা ছয় ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়ে স্বস্তি ফিরেছে ভারত শিবিরে। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের নায়ক অধিনায়ক কোহলির তাই উচ্ছ্বসিত প্রশংসা করলেন ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা অজিঙ্কা রাহানে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 12:15 AM

Updated : 01 Sep 2026, 12:30 PM

কোহলির সঙ্গে রাহানের ২১৩ রানের জুটিতে ভারতের সহজ জয়ের ভিত রচিত হয়। কোহলির শতকের সঙ্গে রাহানের অর্ধশতকের অবদানও কম নয় এতে।

বুধবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাহানে বলেন, “বিরাট অসাধারণ এক ইনিংস খেলেছেন। উইকেট ছিল মন্থর আর নিচু। শট খেলা সহজ ছিল না। শুরুতে দেখেশুনে খেলতে হয়েছে।”

শট বাছাই করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল জানিয়ে তিনি বলেন, “বল নিচু হচ্ছিল। নিজেদের মধ্যে এটা নিয়ে কথা বলেছি। পরে শট খেলেছি।”

নিজের ব্যাটিং সম্পর্কে বলেন, “ব্যাটিং ভালো করছিলাম, কিন্তু বড় ইনিংস খেলতে পারছিলাম না। টেস্টে শতক পাওয়ায় আত্মবিশ্বাসী ছিলাম। সেট হতে সময় নিয়েছি, পরে শট খেলা শুরু করেছি।”

ভারতের জয়ে শিশিরের খুব একটা ভূমিকা ছিল বলে মনে করেন না রাহানে। তিনি বলেন, “৩৫ ওভারের পর শিশির ছিল। তবে ২৮০ রান যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই চেজ করা কঠিন।”

এক সময়ে মনে হচ্ছিল, বাংলাদেশের সংগ্রহ তিনশ’ হতে পারে। সেখান থেকে স্বাগতিকদের কম রানে বেধে রাখার কৃতিত্ব রাহানে দিয়েছেন পেসারদের।

“ভুবি (ভুবনেশ্বর কুমার) আর সামি (মোহাম্মদ) চমৎকার বল করেছেন। উইকেট টু উইকেট বল করেছেন। ওদের কম রানের বেধে রাখার কৃতিত্ব বোলারদের।”