২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিনারদেরই নিয়ামক মানছেন ম্যাথিউস

এশিয়া কাপের শিরোপা নির্ধারণে স্পিনাররা বড় ভূমিকা রাখবেন বলে মনে করেন শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

ক্রীড়া প্রতিবেদক

কে এম রায়হান কবীর. শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 04:36 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

পাঁচ জাতির এশিয়া কাপে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সোমবার ম্যাথিউস বলেন, "সব দলেই আছে ভালো স্পিনার। তাই এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে আবারো সমানে সমানে প্রতিযোগিতা দেখা যাবে।"

গত এক মাস ধরে বাংলাদেশ সফরে ভালো ক্রিকেট খেলে যাওয়া শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস তাই এশিয়া কাপে প্রতিটা দলেরই সমান সম্ভাবনা দেখছেন।

মঙ্গলবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে লড়াই দিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে শ্রীলঙ্কা। ২০০৮ সালে সর্বশেষ এর শিরোপা জিতেছিল ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

টেস্ট ও টি-টোয়েন্টির পর এশিয়া কাপের ঠিক আগে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের ইতিহাসেও দারুণ সফল দলটি দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে। সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর দুইবার জিতেছে পাকিস্তান।

তবে নিজেদের 'ফেভারিট' মানতে নারাজ লঙ্কার অধিনায়ক। শিরোপা লড়াইটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই তার বিশ্বাস। ম্যাথিউসের মতে, ভালো খেলা ছাড়া এশিয়া কাপ জেতা কখনই সম্ভব নয়।

সে লক্ষ্যে সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আরো ভালো ক্রিকেট খেলতে চান ম্যাথিউস। তাছাড়া, এশিয়া কাপের পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে বলে প্রতিটা বিভাগেই উন্নতি করার পরিকল্পনার কথা জানান তিনি।