ভালো খেলাই লক্ষ্য আফগানিস্তানের
প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ পাওয়া আফগানিস্তানের লক্ষ্য ভালো খেলা। কোনো সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলেও দলটির অধিনায়ক মোহাম্মদ নবী জানালেন তাদের বিপক্ষে খেলা অন্য দেশগুলোর জন্য সহজ হবে না।
পাঁচ জাতির এশিয়া কাপে আফগান দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সোমবার মোহাম্মদ নবী বলেন, “এই টুর্নামেন্টে আমাদের কোনো লক্ষ্য নেই। কিন্তু আমরা প্রতিটি দলের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করবো।”
এশিয়া কাপকে নবী দেখছেন বিশ্ববাসীর কাছে আফগান ক্রিকেটের 'উন্নতি' তুলে ধরার মঞ্চ হিসেবে। তার মতে, আফগানিস্তান এখন 'এশিয়ার অন্যতম প্রতিশ্রুতিশীল দল'।
বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কায় 'কন্ডিশনিং ক্যাম্প করেছে আফগান ক্রিকেটাররা। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সুবাদে বাংলাদেশের মাঠ ও পিচ খুব ভালো চেনা আফগান অধিনায়কের। তার দলের অর্ধেক সদস্যই এ দুটো লিগে খেলেছে। তাদের অভিজ্ঞতা এশিয়া কাপে দলের কাজে লাগবে বলে জানান নবী।
আগামী বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান। এরপর শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
