২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডেতে আইরিশদের হারালো উইন্ডিজ

টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ হওয়ার পর একমাত্র ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 11:19 AM

Updated : 01 Sep 2026, 12:29 PM

চোটে মাঠের বাইরে গেইল

ওয়েস্ট ইন্ডিজের মান বাঁচালেন স্যামি

জ্যামাইকার কিংসটনের সাবিনা পার্কে রোববার চার বল বাকি থাকতেই ২০২ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে ডোয়েইন স্মিথ আর কিরেন পাওয়েলের অর্ধশতকে ১৩ ওভারের বেশি বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।

ক্রিস গেইলের চোটের কারণে দলে সুযোগ পাওয়া স্মিথ ৫৩ বলে করেন ৫৫ রান। পাওয়েলের সঙ্গে তার শত রানের জুটিই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ভিত গড়ে দেয়। ২০১২ সালের ডিসেম্বরের পর এই প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেললেন স্মিথ।

স্মিথের আউটের পর আট রানের মধ্যে আরো দুটো উইকেট নিয়ে ম্যাচে ফিরেছিল আয়ারল্যান্ড। তবে অধিনায়ক ডোয়েইন ব্রাভো (৩৫) এবং পাওয়েল (৫৭) দলকে জয়ের পথে এগিয়ে দেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়তে পারেনি আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৬২ রান আসে গ্যারি উইলসনের ব্যাট থেকে।

তিনটি করে উইকেট পান জেসন হোল্ডার ও ম্যাচসেরা  ব্রাভো।

এর আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে তারা।