জাতীয় লিগে ঢাকার রেকর্ড
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে রাজশাহীর বিপক্ষে পাঁচ উইকেটে ৭৫৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ঢাকা। বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে এটাই দলীয় সর্বোচ্চ রান।
আগের রেকর্ডটি ছিল বরিশালের। ২০০৬-০৭ মৌসুমে সিলেটের বিপক্ষে সাত উইকেটে ৭১২ রান করেছিল তারা।ঢাকা-রাজশাহীবিকেএসপির চার নম্বর মাঠে ঢাকার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শতক করেছেন নাদিফ চৌধুরী।নাদিফের ১৮৭ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংসটি ১১টি চার ও একটি ছক্কায় সাজানো। নূরুল হাসান অপরাজিত ছিলেন ৫০ রানে।আগের দিন দ্বি-শতক করা তৈয়বুর পারভেজ শনিবার তিন রানের বেশি করতে পারেননি। তার অবদান ২০৭ রান। প্রথম ইনিংসে ঢাকার পক্ষে শতক করা অন্য দুজন দুই উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদ ও রনি তালুকদার।জবাবে দুই স্পিনার নাজমুল অপু ও নূর হোসেনের ঘূর্ণিতে ১৭৮ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। ৫৫ রানে পাঁচ উইকেট নিয়ে ঢাকার সফলতম বোলার অপু। ৩৮ রানে চার উইকেট নেন নূর হোসেন।তবে ৫৭৮ রানের বিশাল লিড পেলেও প্রতিপক্ষকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ঢাকা। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ২৮ রান। সব মিলিয়ে তারা এগিয়ে ৬০৬ রানে।
ঢাকা মেট্রো-রংপুর
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭৩ রান করেছে ঢাকা মেট্রো। আগের রাউন্ডে দ্বি-শতক করা আসিফ আহমেদ করেছেন ১৩২ রান। ১৩০ বলের আক্রমণাত্মক ইনিংসটিতে ছিল ১৬টি চার ও তিনটি ছক্কা।
৯৮ রানে চার উইকেট নিয়ে রংপুরের সফলতম বোলার পেসার আরিফুল হক।
১৮২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দিন শেষে তিন উইকেটে ১১৩ রান করেছে রংপুর। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ৬৯ রান।
প্রথম ইনিংসে রংপুরের ২৪০ রানের জবাবে ৪৮ রানে অলআউট হয়েছিল ঢাকা মেট্রো।
বরিশাল-চট্টগ্রাম
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক দল। জয়ের জন্য শেষ দিনে তাদের প্রয়োজন ১৮২ রান, হাতে আছে সবগুলো উইকেট।
প্রথম ইনিংসে প্রতিপক্ষকে ১৯৭ রানে বেঁধে ফেললেও সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ চট্টগ্রাম ১৭৯ রানে অলআউট হয়ে যায়।
১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামা বরিশাল অলআউট হওয়ার আগে ২৭৬ রান করে। সর্বোচ্চ ৫০ রান করেন সালমান হোসেন।
২৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন শেষে বিনা উইকেট ১১৩ রান করেছে চট্টগ্রাম।
