পোর্ট এলিজাবেথে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া
প্রথমে এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনির শতক। তারপর দুই পেসার ওয়েইন পার্নেল ও ভার্নন ফিল্যান্ডারের তোপ। সব কিছুর যোগফলে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে ভালো অবস্থায় দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে স্বাগতিকদের ৪২৩ রানের জবাবে শুক্রবার দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১১২ রান।প্রথম দিন শেষে ৫১ রানে অপরাজিত ডি ভিলিয়ার্স ও ২ রানে অপরাজিত ডুমিনির ১৪৯ রানের জুটি চার শ’র ওপরে নিয়ে গেছে স্বাগতিকদের। ১৩ টেস্ট পর এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো দল চার শ’ রান করলো।দারুণ ছন্দে থাকা ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে এসেছে ১১৬ রান। ২৩২ বলের ইনিংসটিতে ছিল ১৪টি চার ও একটি ছক্কা। এটা ডি ভিলিয়ার্সের ১৯তম এবং গত ১২ টেস্টে ষষ্ঠ শতক। এই ১২ টেস্টের প্রত্যেক ম্যাচে কমপক্ষে একটি অর্ধশতক করে রেকর্ড গড়েছেন তিনি।তৃতীয় টেস্ট শতকের দেখা পাওয়া ডুমিনির ২৩১ বলে ১২৩ রানের দৃঢ়তাভরা ইনিংসটা সাজানো ১৪টি চারে।১৩০ রানে ৫ উইকেট নিয়েছেন নাথান লায়ন। অস্ট্রেলিয়ার অফস্পিনারের এটা চতুর্থ বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে প্রথম টেস্টে ২৮১ রানে জয়ী অস্ট্রেলিয়া। ইনিংসের চতুর্থ ওভারেই ক্রিস রজার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে গ্রায়েম স্মিথের দলকে ‘ব্রেক থ্রু’ এনে দিয়েছেন ফিল্যান্ডার।চার বছর পর ঘরের মাঠে টেস্ট খেলার সুযোগ পাওয়া পার্নেল বল করতে এসেছেন নবম ওভারে। এবং এই বাঁহাতি পেসারের প্রথম বলেই অ্যালেক্স ডুলান কট বিহাইন্ড। তৃতীয় বলে আবার আঘাত, শন মার্শও উইকেটরক্ষক ডি ভিলিয়ার্সের গ্লাভসবন্দী।এরপর দ্বিতীয় স্পেলে ফেরা ফিল্যান্ডার অধিনায়ক মাইকেল ক্লার্ককে কাভারে ক্যাচ দিতে বাধ্য করলে স্কোর দাঁড়ায় ৮১/৪।এই আসা-যাওয়ার মিছিলের বিপরীতে স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৬৭ বলে ৬৫ রান করে অপরাজিত আছেন ডেভিড ওয়ার্নার। তিনি অবশ্য ভাগ্যবান। মর্নে মরকেলের বলে ব্যক্তিগত ৪৩ রানে ডি ভিলিয়ার্সকে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন।স্বাগতিকরা আরো ভুল করেছে। ‘নাইটওয়াচম্যান’ লায়নকে দুবার আউট করার সুযোগ হাতছাড়া করেছে তারা। ডেল স্টেইনের বলে লায়ন ডি ভিলিয়ার্সকে ক্যাচ দিলেও দক্ষিণ আফ্রিকানদের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। স্বাগতিকরাও রিভিউ চায়নি। যদিও টিভি রিপ্লেতে বল-ব্যাটের স্পর্শ ধরা পড়েছে।এরপর পার্নেলের বলে গালিতে লায়নের ক্যাচ ফেলে দিয়েছেন ডুমিনি। তাই অস্ট্রেলিয়ার অবস্থা আরো খারাপ হয়নি।সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪২৩ (স্মিথ ৯, এলগার ৮৩, আমলা ০, দু প্লেসি ৫৫, ডি ভিলিয়ার্স ১১৬, ডি কক ৭, ডুমিনি ১২৩, ফিল্যান্ডার ৬, পার্নেল ১০, স্টেইন ৪*, মরকেল ১; লায়ন ৫/১৩০, ক্লার্ক ১/১৬, স্মিথ ১/৩০, হ্যারিস ১/৬৩, জনসন ১/৭০)অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১১২/৪ (রজার্স ৫, ওয়ার্নার ৬৫*, ডুলান ৮, মার্শ ০, ক্লার্ক ১৯, লায়ন ১২*; পার্নেল ২/১৯, ফিল্যান্ডার ২/২৬)।
