দক্ষিণ আফ্রিকার ধীরগতির ব্যাটিং
আলোর স্বল্পতায় সাত ওভার খেলা হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাকি ৮৩ ওভার ব্যাট করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২১৪ রান। অর্থাৎ ওভার প্রতি রান তোলার হার ২.৫৭।
তবু স্বাগতিক দল স্বস্তিতে, প্রথম টেস্টের মতো অন্তত মিচেল জনসনের তোপে বিধ্বস্ত হতে হয়নি। শেষ বিকেলে দুই উইকেট হারানোর অস্বস্তির কাঁটা অবশ্য গ্রায়েম স্মিথের দলকে বিঁধবেই।বৃহস্পতিবার সেইন্ট জর্জ’স পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুটা একদমই ভালো হয়নি দক্ষিণ আফ্রিকানদের।দিনের পঞ্চম ওভারের শেষ বলে অধিনায়ক গ্রায়েম স্মিথকে (৯) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রায়ান হ্যারিস। জনসনের পরের ওভারে হাশিম আমলাও (০) এলবিডব্লিউ। তখনো অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার কোনো রান করতে পারেননি।তবে এই এলগারই স্বাগতিকদের পরিত্রাতা। সাধারণত ছয় বা সাত নম্বরে ব্যাট করলেও আলভিরো পিটারসেনের অসুস্থতার কারণে খেলা শুরু হওয়ার ঠিক আগে ইনিংস উদ্বোধনের কথা জানানো হয় তাকে। ঘরোয়া ক্রিকেটে টপ অর্ডারে ব্যাট করার অভ্যাসের জন্য এলগারের অবশ্য কোনো সমস্যা হয়নি।জনসন, হ্যারিস আর পিটার সিডলের পেস সামলে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। এই প্রতিরোধে পাশে পান ফাফ দু প্লেসিকে। তৃতীয় উইকেটে ১১২ রানের জুটি গড়েন দুজনে।৫৫ রান করা দু প্লেসিকে ফিরিয়ে জুটিটা ভাঙ্গেন নাথান লায়ন। এলগারও এই অফস্পিনারের শিকার। তবে সেজন্য এলগার নিজেই দায়ী। লায়নকে দুটো ছক্কা মেরেছিলেন। তৃতীয়টি মারতে গিয়ে কাভারে ধরা পড়েন হ্যারিসের হাতে।১৯৩ বলে ৮৩ রান করা এলগারের দৃঢ়তাভরা ইনিংসে ঐ দুটো ছক্কা ছাড়াও ছিল ৯টি চার। দিনটা অম্ল-মধুর অভিজ্ঞতায় কেটেছে তার। খেলা শুরু হওয়ার আগে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) কেন্দ্রীয় চুক্তিতে তাকে আর না রাখার কথা জানিয়ে দিয়েছে।দক্ষিণ আফ্রিকানদের জন্য স্বস্তির কথা, সেঞ্চুরিয়নে ২৮১ রানে হেরে যাওয়া প্রথম টেস্টে ৯১ ও ৪৮ রানের দুটো মূল্যবান ইনিংস খেলা এবি ডি ভিলিয়ার্স এখনো ক্রিজে আছেন। ৫১ রানে অপরাজিত এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এ নিয়ে টানা ১২ টেস্টে অন্তত একটি অর্ধশতক করলেন ডি ভিলিয়ার্স। যা টেস্ট ক্রিকেটে আগে কেউ কখনো করতে পারেনি।এলগার ছাড়াও আরো দুটো পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে স্বাগতিকরা। আহত অলরাউন্ডার রায়ান ম্যাকলারেনের জায়গায় সুযোগ পেয়েছেন কুইন্টন ডি কক। তবে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৭ রানের বেশি করতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। আর বাঁহাতি স্পিনার রবিন পিটারসনের বদলে খেলছেন বাঁহাতি পেসার ওয়েইন পার্নেল।অস্ট্রেলিয়া দলে কোনো পরিবর্তন নেই।সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২১৪/৫ (স্মিথ ৯, এলগার ৮৩, আমলা ০, দু প্লেসি ৫৫, ডি ভিলিয়ার্স ৫১*, ডি কক ৭, ডুমিনি ২*; লায়ন ২/৪৭, স্মিথ ১/১৮, হ্যারিস ১/৩৬, জনসন ১/৪৪)।
