২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি সাফল্যের সামনে অস্ট্রেলিয়া

অ্যাশেজে ইংল্যান্ডকে বিধ্বস্ত করার পর অস্ট্রেলিয়ার সামনে এবার দক্ষিণ আফ্রিকা জয়ের হাতছানি। বৃহস্পতিবার থেকে পোর্ট এলিজাবেথে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট জিতলেই তিন ম্যাচের সিরিজে জয় নিশ্চিত হয়ে যাবে মাইকেল ক্লার্কের দলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 01:44 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ২৮১ রানের বিশাল ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।সিরিজ জয় ছাড়াও টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে ওঠার জোরালো সম্ভাবনার সামনে অস্ট্রেলীয়রা। সেজন্য অবশ্য শুধু সিরিজ ড্র করলেই চলবে অতিথিদের। বর্তমানে ভারতের চেয়ে মাত্র এক রেটিং পয়েন্টে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক মিচেল জনসন দক্ষিণ আফ্রিকা সফরেও দারুণ ছন্দে। প্রথম টেস্টে ১২ উইকেট নিয়ে তিনিই সহজ জয় এনে দিয়েছেন দলকে।জনসনের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অতীত ইতিহাসও সুখকর নয়। পাঁচ বছর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টানা দুই টেস্ট হেরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল গ্রায়েম স্মিথের দল। ঐ সিরিজে ১৬ উইকেট নিয়েছিলেন জনসন।এরপর আর কখনো টানা দুই টেস্ট হারেনি দক্ষিণ আফ্রিকা। এই পাঁচ বছরে কোনো টেস্ট সিরিজও হারেনি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা দলটি।সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে পোর্ট এলিজাবেথে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্মিথ। তিনি বলেন, “সিরিজের প্রথম ম্যাচে আমাদের মধ্যে লড়াকু মানসিকতার ঘাটতি ছিল। তবে তা ভুলে দ্রুত আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং পোর্ট এলিজাবেথে জেতার মতো খেলতে হবে।”সাধারণত পোর্ট এলিজাবেথের উইকেট কিছুটা ধীরগতির হলেও বুধবার পর্যন্ত ঘাস থাকায় এবারের উইকেট পেস সহায়ক হওয়ার কথা।অস্ট্রেলিয়ার অধিনায়ক ক্লার্কের অবশ্য ধারণা, খেলা শুরু হওয়ার আগে ঘাস ছেঁটে ফেলা হবে। তিনি বলেন, “আমি তো মনে করি উইকেট এখনকার মতো থাকলে ম্যাচটা তিন দিনেই শেষ হয়ে যাবে। কারণ দুই দলের বোলিং আক্রমণই দুর্দান্ত। তাই মনে হয় না উইকেটটা এমন থাকবে।”