জনসনের তোপে বিপদে দক্ষিণ আফ্রিকা
অ্যাশেজের পর দক্ষিণ আফ্রিকা সফরেও জ্বলে উঠেছেন মিচেল জনসন। এই বাঁহাতি পেসারের তোপে প্রথম টেস্টে স্বাগতিক দলের সামনে ফলো-অনের আশঙ্কা।
অস্ট্রেলিয়ার ৩৯৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ১৪০ রান। ফলো-অন এড়াতে প্রয়োজন আরো ৫৮ রান। ৫১ রানে জনসনের শিকার চারটি।বছর পাঁচেক আগে সিডনি ও ডারবান টেস্টে জনসনের বলে দুবার হাত ভেঙ্গে গিয়েছিল গ্রায়েম স্মিথের। বৃহস্পতিবার তেমন কোনো দুর্ঘটনা না ঘটলেও আবার দক্ষিণ আফ্রিকার অধিনায়কের ‘ঘাতক’ অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক।জনসনের একটি খাটো লেন্থের বল এড়াতে গিয়ে বিদায় নিতে হয়েছে ১০ রান করা দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ককে। বল ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপ কর্ডনের পেছনে। প্রথম স্লিপ থেকে দৌড়ে দুর্দান্তভাবে ক্যাচটা মুঠোবন্দী করেন শন মার্শ। সেটা ছিল জনসনের মাত্র চতুর্থ বল।জনসনের তৃতীয় ওভারে উইকেটের পেছনে ক্যাচ দেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান আলভিরো পিটারসেনও।এরপর ফাফ দু প্লেসি আর রায়ান ম্যাকলারেনকেও ফেরান জনসন। নাথান লায়নের বলে জেপি ডুমিনির দুর্দান্ত ক্যাচও ধরেন তিনি।এর আগে ৪ উইকেটে ২৯৭ রান নিয়ে ব্যাট করতে নেমে ঠিক ১০০ রান যোগ করে অস্ট্রেলিয়া।৯১ রান নিয়ে দিন শুরু করা স্টিভেন স্মিথ চতুর্থ টেস্ট শতক পাওয়ার পরই আউট হয়ে যান। ১২২ রান নিয়ে ব্যাট করতে নামা মার্শের ব্যাট থেকে আসে ক্যারিয়ার-সেরা ১৪৮ রান। বল হাতে জ্বলে ওঠার আগে ৩৩ রানের মূল্যবান ইনিংস খেলেন জনসন।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৯৭ (রজার্স ৪, ওয়ার্নার ১২, ডুলান ২৭, মার্শ ১৪৮, ক্লার্ক ২৩, স্মিথ ১০০, হ্যাডিন ০, জনসন ৩৩, হ্যারিস ১৯, সিডল ২, লায়ন ৪*; স্টেইন ৪/৭৮, পিটারসন ২/৪৯, ম্যাকলারেন ২/৭২, ফিল্যান্ডার ১/৬৯, মরকেল ১/৭৩)দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১৪০/৬ (স্মিথ ১০, আলভিরো ২, আমলা ১৭, দু প্লেসি ৩, ডি ভিলিয়ার্স ৫২*, ডুমিনি ২৫, ম্যাকলারেন ৮, পিটারসন ১০*; জনসন ৪/৫১, সিডল ১/২১, লায়ন ১/২৩)।
