বাংলাদেশের প্রশংসায় পেরেরা
শেষ বল পর্যন্ত লড়াই করে, জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও প্রথম টি-টোয়েন্টি জিততে পারেনি বাংলাদেশ। তবে হেরে গেলেও শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান কৌশল পেরেরার প্রশংসা আদায় করে নিয়েছে স্বাগতিক দল।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি মাত্র ২ রানে জেতার পর বাংলাদেশের প্রশংসা করে কৌশল বলেন, “টি-টোয়েন্টিতে বাংলাদেশ শক্তিশালী দল। ওরা এই ধরনের ক্রিকেট খুব পছন্দ করে। এই ম্যাচে ওরা খুব ভালো খেলেছে।”শ্রীলঙ্কার প্রথম ৩৮ রানের পুরোটাই এসেছিল কৌশলের ব্যাট থেকে। এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রথম কয়েক ওভারে আমি হিসেব করেই ঝুঁকি নিয়েছিলাম। এরপর শেষ পর্যন্ত ব্যাট করে যাওয়ার পরিকল্পনা ছিল। এটাই আমার ব্যাটিংয়ের স্বাভাবিক কৌশল।”“আমি সব সময় আক্রমণ করতে পছন্দ করি। বলকে আক্রমণ করা আমার সহজাত।”শ্রীলঙ্কার সংগ্রহটা আরো ১০/১৫ রান বেশি হতে পারতো জানিয়ে তিনি বলেন, “এই রানও জেতার মতো ছিল। শেষটা একটু কঠিন হয়েছে। থিসারা শেষ ওভারে দুটি চার দেয়ায় তার সঙ্গে কথা বলা জরুরি ছিল।”শ্রীলঙ্কার সাবেক তারকা সনাথ জয়াসুরিয়ার সঙ্গে তার ব্যাটিংয়ের ধরনের অনেক মিল। তবে জয়াসুরিয়ার সঙ্গে তুলনা অস্বস্তিতে ফেলে দেয় কৌশলকে।“সবাই সনাথের সঙ্গে আমার তুলনা করে। কিন্তু আমি তাকে অনুকরণ করার চেষ্টা করি না। কারণ তাকে সব সময় অনুকরণ করা সম্ভব নয়। তিনি একজন কিংবদন্তি। আমি কৌশল, সনাথ নই। আমি নিজেকে তার সঙ্গে তুলনা করতে চাই না।”
