বাংলাদেশে আসছেন না ইশান্ত শর্মা
বাংলাদেশে হতে যাওয়া এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত, যার কোনোটিতেই জায়গা হয়নি পেসার ইশান্ত শর্মার।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দুটি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের আলাদা দল ঘোষণা করে।
২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের দলে জায়গা পাননি ব্যাটসম্যান সুরেশ রায়নাও। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন তিনি। তবে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে তাকে।
বর্তমানে নিউ জিল্যান্ড সফরে থাকা ভারতের ওয়ানডে দলে ছিলেন শর্মা। তবে খারাপ খেলার কারণে নির্বাচকদের আস্থা হারিয়েছেন তিনি। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৪-০ ব্যবধানে হেরেছিল ভারত।
এদিকে, প্রায় ছয় মাস পর ওয়ানডে দলে ফিরেছেন ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা।
টি-টোয়েন্টি দলে আছেন ২০১১ সালের বিশ্বকাপের সেরা খেলোয়াড় অলরাউন্ডার যুবরাজ সিং। গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের খেলা শেষ টি-টোয়েন্টি ম্যাচেও অবশ্য দলে ছিলেন যুবরাজ।
ভারতের এশিয়া কাপের দল: মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, আম্বাতি রাইডু, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, বরুণ অ্যারন, স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্র, ঈশ্বর পান্ডে।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্র, মোহিত শর্মা, বরুণ অ্যারন।
