আবারো পিসিবির প্রধান সেঠি
আবারো পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছেন নাজাম সেঠি। আট মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব পেলেন তিনি।
সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার ক্ষমতাবলে সংস্থাটির চেয়ারম্যান জাকা আশরাফকে সরিয়ে দেয়ার পাশপাশি পুরো পরিচালনা পর্ষদই ভেঙে দেয়ার আদেশ দেন। তিনি একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করে দেন যার সদস্যরা নাজাম সেঠিকে কমিটির প্রধান করার পাশাপাশি পিসিবি চেয়ারম্যানেরও দায়িত্ব দেন।
নাজাম সেঠি ছাড়াও অস্থায়ী এই কমিটিতে আছেন, পিসিবির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান, সাবেক অধিনায়ক জহির আব্বাস, পাঞ্জাবের মুখ্য সচিব নাভেদ আকরাম চিমা, পিসিবির পরিচালনা পর্ষদের সাবেক দুই সদস্য শাকিল শেখ ও ইয়োসেফ নাসিম খোখার, সাবেক ক্রিকেটার ইকবাল কাশিম, আইপিসি সেক্রেটারি ইজাজ চৌধুরী।
গত মে মাসে পিসিবির প্রথম নির্বাচিত চেয়ারম্যান জাকা আশরাফের জায়গায় অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন নাজাম সেঠি। কারণ নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ না হওয়ার অভিযোগে আশরাফকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাই কোর্ট। অবশ্য গত ১৫ জানুয়ারি, একই আদালত তাকে আবারো চেয়ারম্যান পদে পুনর্বহাল করে।
পিসিবি ভেঙে দেয়ার সমালোচনা করে আশরাফ বলেছেন, “এই সিদ্ধান্ত পরিষ্কারভাবে (পিসিবির কার্যক্রমে) সরকারের হস্তক্ষেপ। যা একটি গণতান্ত্রিক সরকারের অগণতান্ত্রিক সিদ্ধান্ত।”
পিসিবি ভেঙে দিয়েছে পাক সরকার
