পিটারসেনের বিদায় নিয়ে ইসিবির ব্যাখ্যা
গণমাধ্যমে সমালোচনার পর কেভিন পিটারসেনকে দল থেকে বাদ দেয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছে ইসিবি। অবশ্য নির্দিষ্ট করে কারণগুলো না বলায় ব্যাখ্যাটা দুর্বোধ্যই থেকে গেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ইতি পিটারসেনের
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) রোববার এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়া সফরে ৫-০ ব্যবধানে অ্যাশেজ হারের পর দলের পুনর্গঠনে অধিনায়ক অ্যালেস্টার কুকের ‘সব সদস্যের পূর্ন সমর্থন’ প্রয়োজন।
টানা তিনটি অ্যাশেজ জেতা ইংল্যান্ড এবারও ছিল 'ফেভারিট'। কিন্তু টেস্ট সিরিজে উল্টো ‘হোয়াইটওয়াশে’র লজ্জায় বাড়ি ফিরতে হয় তাদের। সিরিজ শেষে কোচ অ্যান্ডি ফ্লাওয়ার চাকরি হারান। দলের ভবিষ্যত পরিকল্পনা থেকে বাদ পড়েন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া অভিজ্ঞ ব্যাটসম্যান পিটারসেন।
পিটারসেনকে বাদ দেওয়ার প্রসঙ্গে ইসিবির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটন ঐ সময় জানিয়েছিলেন, এখন সময় দলকে নতুনভাবে গড়ে তোলা। তবে অ্যাশেজে কিন্তু ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন পিটারসেনই। পাঁচ টেস্টের ১০ ইনিংসে ২৯৪ রান করেন তিনি।
পিটারসনকে আর বিবেচনা না করার সিদ্ধান্তের পর বিভন্ন মহল থেকে সমালোচনার মুখে তাই আত্মপক্ষ সমর্থনে বিবৃতি দিল ইসিবি। এতে বলা হয়, দুই পক্ষের মধ্যে ফলপ্রসু আলোচনার মাধ্যমেই চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে পিটারসেনকে।
“অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ড দলটাকে নতুন করে গড়ে তোলা প্রয়োজন। এ জন্য অধিনায়ক অ্যালেস্টার কুককে সমর্থন দিতে হবে আমাদের। এমন চর্চা গড়ে তুলতে হবে, যেখানে সে সব খেলোয়াড়ের পূর্ণ সমর্থন পায়। ... আর এ কারণগুলোর জন্যই আমরা কেভিন পিটারসেনকে ছাড়াই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তবে কি পিটারসেনের কাছ থেকে কুক 'পূর্ণ সমর্থন' পাচ্ছিলেন না। ইসিবির ব্যাখ্যায় এটা পরিষ্কার করে না বলা হলেও মানে কিন্তু তাই দাড়াচ্ছে।
পিটারসেনের সঙ্গে ইসিবির এ নিয়ে বোঝাপড়া হওয়ায় এ বিষয়ে বিস্তারিত না জানানোর কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৩টি টেস্ট সেঞ্চুরির মালিক পিটারসেন ক্যারিয়ারে অনেক সাফল্য পেলেও বারবার বিতর্কিতও হয়েছেন তিনি।
এই যেমন ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ চলার সময় সতীর্থদের ব্যঙ্গ করে প্রতিপক্ষের খেলোয়াড়দের এসএমএস পাঠানোর অপরাধে দল থেকে তো বটেই, কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন পিটারসেন।
ঐ বছরের মে মাসে, ওয়ানডে ক্রিকেট থেকে একবার অবসরের ঘোষণাও দিয়েছিলেন পিটারসেন, যদিও দুই মাস বাদেই সে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।
