পানশালায় যাওয়ার শাস্তি পেলেন রাইডার
অকল্যান্ড টেস্টের আগের রাতে পানশালায় গিয়ে মদ্যপানের শাস্তি পেলেন নিউ জিল্যান্ডের ২ ক্রিকেটার জেসি রাইডার ও ডাগ ব্রেসওয়েল। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে তাদের বাদ দেয়া হয়েছে।
শিগগিরই ক্রিকেটে ফিরতে চান নিষিদ্ধ রাইডার
নিউ জিল্যান্ড দলে ফিরলেন রাইডার
নিউ জিল্যান্ডের কোচ মাইক হেসন সোমবার অকল্যান্ডে সাংবাদিকদের জানান, দলের কর্মকর্তারা রাইডার ও ব্রেসওয়েলের উপর আস্থা হারিয়েছেন।
"আমাদের নিশ্চিত হতে হবে যে আমাদের সব খেলোয়াড়ই টেস্ট ক্রিকেটের জন্য নিজেদের প্রস্তুত করেছে। জেসি ও ডগ দু'জনেই তাদের টেস্ট ম্যাচের জন্য নিজেদের ভালোভাবে তৈরি করেনি। আমরা এজন্য খুবই হতাশ।"
ব্যাটসম্যান রাইডার ও বোলিং অল-রাউন্ডার ব্রেসওয়েলকে অকল্যান্ড টেস্টে নেয়া হয়নি। এই টেস্টের আগে রাত তিনটা পর্যন্ত পানশালায় যাওয়াটা মেনে নিতে পারছেন না কোচ।
"যদি একজন খেলোয়াড় খেলার আগে তাদের খাবারের সঙ্গে বিয়ার নেয় তা আমাদের জন্য কোনো ইস্যু না। কিন্তু এটার সঙ্গে টেস্টের আগের রাতের ঘটনার বিস্তর ফারাক।"
শুক্রবার শুরু হবে সিরিজের শেষ টেস্ট। রোববার চতুর্থ দিনেই ৪০ রানে অকল্যান্ড টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। কিন্তু রাইডারদের ঘটনায় এখনও বিক্ষিপ্ত কোচের মেজাজ। তার মতে এটা গত চার দিনের সাফল্যকে ম্লান করে দিয়েছে।
অবশ্য পায়ে চোট পাওয়ার জন্য ব্রেসওয়েল এমনিতেই খেলতে পারতেন না। তবে সন্তান হওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে চাওয়া রস টেইলরের জায়গায় রাইডারের কথা ভাবা হচ্ছিল।
