২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আগে বাংলাদেশের ২ প্রস্তুতি ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্বাগতিক বাংলাদেশের দুই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ সংযুক্ত আর আমিরাত ও আয়ারল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 09:28 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

১২ মার্চ সংযুক্ত আরব আমিরাত ও ১৪ মার্চ আয়াল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে ফতুল্লায়। প্রথম ম্যাচ শুরু হবে বেলা সাড়ে তিনটায়, দ্বিতীয়টি সন্ধ্যা সাড়ে সাতটায়।

দুই রাউন্ডের প্রতিযোগিতাটির মুল পর্ব শুরু হবে আগামী ১৬ মার্চ থেকে, চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

প্রথম রাউন্ড 'বাছাই পর্বে' আইসিসির সহযোগী ছয়টি দেশের সঙ্গে খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বিজয়ী দুই দল খেলবে 'সুপার টেন' এ।

বিশ্বককাপে দুই ধাপে ১৬টি প্রস্তুতি ম্যাচ হবে। যার আটটি হবে প্রথম রাউন্ড শুরুর আগে। আর বাকি আটটি হবে প্রথম রাউন্ড চলার সময়। যেখানে খেলবে সুপার ‘টেন’ এ আগে থেকেই নাম লেখানো র‌্যাঙ্কিংয়ের প্রথম আট দল।

বুধবার এক বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের মোট তিন জন রেফারি ও ১১ জন আম্পায়ারের নামও ঘোষণা করেছে আইসিসি।

স্বাগতিক দেশ হয়েও 'সরাসরি' ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। প্রথম রাউন্ডে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হলেই কেবল 'আসল' লড়াই অর্থাৎ 'সুপার টেন'-এ উঠবে মুশফিক বাহিনী।

টি-টোয়েন্টি বিশ্বকাপের 'বাছাই পর্ব' হিসেবে বিবেচিত প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের অন্য দুই প্রতিপক্ষ নেপাল ও হংকং।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ মার্চ হবে উদ্বোধনী ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮ মার্চ নেপাল এবং ২০ মার্চ হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

'আসল' টুর্নামেন্ট শুরু হবে ২১ মার্চ ঢাকায় ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে।

ঐ একই সময় চলবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপও। যেখানে খেলবে বাংলাদেশ মহিলা দলও।

মুল পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২০ মার্চ প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর ২১ মার্চ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।