২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট কেনার শেষ সুযোগ

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ দফার টিকেট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার থেকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 09:15 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

এবার শুধু অনলাইনেই টিকেট কেনা যাবে। বিক্রি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে।

একজন এক ম্যাচের সর্বোচ্চ ৪টি টিকেট কিনতে পারবেন। যারা এরই মধ্যে কোনো ম্যাচের ৪টি টিকেট কিনে ফেলেছেন তারা নতুন করে আর সেই ম্যাচের কোনো টিকেট কিনতে পারবেন না।

যারা ইতোমধ্যে টিকেট কিনেছেন বা যারা কিনতে যাচ্ছেন তারা কবে কোথায় টিকেট সংগ্রহ করবেন তা পত্রিকায় বিজ্ঞপ্তিতে দিয়ে জানানো হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে হোস্ট টুর্নামেন্ট ডিরেক্টর তানভীল কামরুল ইসলাম।

১ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্যায়ের টিকেট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তা চারদিন পিছিয়ে দেয়া হয়। পরে আরো একদিন পিছিয়ে বৃহস্পতিবার থেকে টিকেট বিক্রি শুরুর কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বছরের ১৭ নভেম্বর প্রথম দফায় টিকেট বিক্রি শুরু হয়েছিল। সেবার অনলাইনের পাশাপাশি এনসিসি ও অগ্রণী ব্যাংকের ৯২টি ‘মানিগ্রাম আউটলেট’-এ টিকেট বিক্রি হয়েছিল।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৬ মার্চ শুরু হয়ে শেষ হবে ৬ এপ্রিল। টুর্নামেন্টের তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।

পুরুষ ও মহিলা বিভাগে চারটি সেমি-ফাইনাল ও দুটি ফাইনাল হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সেমি-ফাইনালের আগ পর্যন্ত সব ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ৫০ টাকা, আর সর্বোচ্চ মূল্য দুই হাজার টাকা।

সেমি-ফাইনালের টিকেটের দাম সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ মূল্য তিন হাজার টাকা। ফাইনালের ক্ষেত্রে তা ২০০ থেকে চার হাজার টাকা পর্যন্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সর্বনিম্ন টিকেট ৫০ টাকা