জাতীয় লিগে ঢাকা বিভাগ ও মেট্রোর জয়
জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে জিতেছে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো।
ঢাকা বিভাগ ১০ উইকেটে হারায় রংপুর বিভাগকে। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রোর জয় এসেছে ১২৭ রানে।
শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা ও বরিশালের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে।
ঢাকা-রংপুর
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৭ উইকেটে ১৯০ রান নিয়ে খেলা শুরু করে রংপুর। আরিফুল হক (৯৮) ও তানভীর হায়দার (৯৫) দৃঢ়তায় ইনিংস পরাজয় এড়ায় রংপুর।
শতক বঞ্চিত হওয়া দুই ব্যাটসম্যানের চমৎকার ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ৩১৫ রান করে রংপুর।
৭৬ রানে ৪ উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার অধিনায়ক মোহাম্মদ শরীফ।
৭ উইকেটে ৬১৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করা ঢাকার লক্ষ্য ছিল মাত্র ৯ রানের। কোনো উইকেট না হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
ঢাকা মেট্রো-চট্টগ্রাম
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩ উইকেটে ৬৩ রান নিয়ে খেলা শুরু করে চট্টগ্রাম। জয়ের জন্য শেষ দিন আরো ২৫৩ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু সৈকত আলী (৫/৩১) ও মোহাম্মদ শহীদের (৪/৪৬) মারাত্মক বোলিংয়ে ১৮৮ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম।
সর্বোচ্চ ৬৮ রান অধিনায়ক নাফিস ইকবালের। ৪৯ রানে অপরাজিত থাকেন ফয়সাল হোসেন।
অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন পেসার শহীদ।
খুলনা-বরিশাল
২ উইকেটে ২৩ রান নিয়ে খেলা শুরু করে ১১৪ রানে গতবারের চ্যাম্পিয়ন খুলনা অলআউট হয়ে গেলে জয়ের সম্ভাবনা জাগে বরিশালের
সর্বোচ্চ ৪১ রান করে তাপস ঘোষ। ৩৯ রানে ৪ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার কামরুল ইসলাম।
প্রথম ইনিংসে ১০৫ রানে পিছিয়ে থাকায় বরিশালের লক্ষ্য দাঁড়ায় ২২০ রান। দিনের খেলা শেষ হওয়ার আগে ৫ উইকেটে ১২২ রান করে বরিশাল। দুই উদ্বোধনী ব্যাটসম্যানই শূন্য রানে ফেরায় শুরুতেই চাপে পড়া বরিশাল লক্ষ্য তাড়ার চেষ্টাই করতে পারেনি।
