ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ড, আমিরাত
আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
নিউ জিল্যান্ডে ১০টি দলকে নিয়ে আয়োজিত বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স পর্বের সেরা দুই দল হিসেবে বিশ্বকাপের টিকেট পেয়েছে তারা।বৃহস্পতিবার সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে কেনিয়াকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে স্কটল্যান্ড। ফাইনালে স্কটিশদের প্রতিপক্ষ আরব আমিরাত ৩৬ রানে নামিবিয়াকে হারিয়েছে।শনিবারের ফাইনালে বিজয়ী দল বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হবে। এই গ্রুপের অন্য পাঁচ দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড ও আফগানিস্তান।ফাইনালে হেরে যাওয়া দল ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে।২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত হবে ওয়ানডে বিশ্বকাপের একাদশ আসর।
